নিউইয়র্কে ডেল্টা এয়ারলাইন্সের দুই উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির লা গুয়ার্দিয়া বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী উড়োজাহাজ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছে। বিরল এ ঘটনায় বিমানের ককপিট ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার রাতের এ ঘটনায় ডেল্টার দুটি ফ্লাইট—নম্বর ৫১৫৫ ও ৫০৪৭—সম্পৃক্ত ছিল। সিএনএনের খবরে বলা হয়, শার্লট শহর থেকে ৫৭ জন যাত্রী নিয়ে আসা ৫১৫৫ নম্বর ফ্লাইটটি অবতরণের পর রানওয়েতে অবস্থান করছিল। একই সময়ে ৫০৪৭ নম্বর ফ্লাইটটি ২৮ জন যাত্রী নিয়ে ভার্জিনিয়ার রাওনোকগামী যাত্রা শুরু করার প্রস্তুতিতে ছিল।
ঠিক তখনই রানওয়েতে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ৫০৪৭ নম্বর বিমানের ডানার ধাক্কায় ৫১৫৫ নম্বর বিমানের ককপিটের জানালা ভেঙে যায় এবং সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এক ক্রু আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং আরেকজন কেবিন অ্যাটেনডেন্ট ঘাড়ে আঘাত পেয়েছেন। তবে যাত্রীদের কেউ আহত হননি।
লা গুয়ার্দিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিমানের গতি তুলনামূলক কম থাকায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। এমন ধরনের ঘটনা বিমানবন্দরের ইতিহাসে অত্যন্ত বিরল বলেও উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
সূত্র: সিএনএন
ভোরের আকাশ//হ.র