‘ফালা ফালা’ কেলেঙ্কারিতে আবারও আলোচনায় প্রেসিডেন্ট রামাফোসা

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে ঘিরে আলোচিত ‘ফার্মগেট’ কেলেঙ্কারি নতুন মোড় নিয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে দেশটির পার্লামেন্ট অভিশংসন কমিটি গঠনের পথে এগোচ্ছে। এতে রাজনৈতিকভাবে ব্যাপক চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট রামাফোসা। পরিস্থিতি আরও জটিল হলে তার পদও ঝুঁকিতে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের নিম্নকক্ষ জানায়, স্পিকার শিগগিরই একটি বিশেষ কমিটি গঠন করবেন। এই কমিটি প্রেসিডেন্টের বিরুদ্ধে ওঠা অভিযোগসংক্রান্ত সব নথি ও প্রমাণ পর্যালোচনা করবে।
গত সপ্তাহে দেশটির সাংবিধানিক আদালত রায় দেয় যে, চার বছর আগে ফার্মগেট কেলেঙ্কারি নিয়ে তদন্ত আটকে দিতে পার্লামেন্ট যে সিদ্ধান্ত নিয়েছিল, তা সংবিধানবিরোধী ছিল। এই রায়ের পরই অভিশংসন প্রক্রিয়া নতুন করে সামনে আসে।
দক্ষিণ আফ্রিকায় ‘ফার্মগেট’ বা ‘ফালা ফালা’ কেলেঙ্কারি নামে পরিচিত এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রেসিডেন্ট রামাফোসার মালিকানাধীন খামারবাড়ি ‘ফালা ফালা’। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ওই খামারের একটি সোফার ভেতরে লুকানো প্রায় ৪০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা প্রকাশ্যে আসে।
এরপরই প্রশ্ন ওঠে—এই বিপুল পরিমাণ অর্থের উৎস কী, কেন তা ব্যাংকে না রেখে আসবাবের ভেতরে রাখা হয়েছিল এবং এর যথাযথ হিসাব দেওয়া হয়েছিল কি না।
দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে ক্ষমতায় আসা রামাফোসা শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে একাধিক প্রতিবেদনে তার বিরুদ্ধে প্রাথমিক অসদাচরণের ইঙ্গিত পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। যদিও প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি এসব অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই চালাবেন।
সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রামাফোসা স্পষ্ট করে জানান, তিনি পদত্যাগ করবেন না। একই সঙ্গে তিনি আদালতের রায়কে সম্মান জানানোর কথাও বলেন।
পার্লামেন্টে গঠিত হতে যাওয়া অভিশংসন কমিটি আগামী কয়েক মাস ধরে বিষয়টি তদন্ত করবে। এরপর তারা সিদ্ধান্ত নেবে, আনুষ্ঠানিক অভিশংসন প্রক্রিয়া শুরু করার সুপারিশ করা হবে কি না।
এদিকে রামাফোসার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক ডেকেছে। দলটির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি এই কেলেঙ্কারি নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবে বলে জানানো হয়েছে।
প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলাটি করেছে বিরোধী দল ইকোনমিক ফ্রিডম ফাইটার্স (ইএফএফ) এবং আফ্রিকান ট্রান্সফর্মেশন মুভমেন্ট (এটিএম)। ইতোমধ্যে ইএফএফ রামাফোসার পদত্যাগের দাবি জানিয়েছে।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিশংসন কমিটির তদন্তে নেতিবাচক ইঙ্গিত মিললেও পার্লামেন্টে চূড়ান্ত ভোটে রামাফোসা টিকে যেতে পারেন। কারণ, তাকে অপসারণ করতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, যা অর্জন করা বিরোধীদের জন্য কঠিন হতে পারে।
ভোরের আকাশ/সু.পা