হরমুজ ইস্যুতে বাড়ছে অনিশ্চয়তা
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের সম্ভাবনা

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে নিরাপত্তা সূত্রে জানা গেছে। সম্ভাব্য বৈঠককে কেন্দ্র করে বিমানবন্দর থেকে ‘রেড জোন’ পর্যন্ত সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যা বাড়তি নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দেয়।
সূত্র জানায়, সেরিনা হোটেল ইসলামাবাদ ও ইসলামাবাদ ম্যারিওট হোটেলে নতুন বুকিং স্থগিত করা হয়েছে এবং সেখানে অবস্থানরত অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে। গত ১১ এপ্রিল প্রথম দফার আলোচনা সেরিনা হোটেলেই অনুষ্ঠিত হয়েছিল।
বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠক পরিস্থিতি শান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে অনিশ্চয়তাও কম নয়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, আলোচনায় কিছু অগ্রগতি হলেও শান্তি চুক্তি এখনো অনেক দূরে।
অন্যদিকে, ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ‘অত্যন্ত ভালো আলোচনা’ চলছে এবং হরমুজ প্রণালী নিয়ে কোনো ধরনের ‘ব্ল্যাকমেইল’ বরদাশত করা হবে না।
এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ইরানের জাহাজ ও বন্দরের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের নৌবাহিনী আরব সাগরে অবরোধ কার্যক্রম পরিচালনা করছে এবং এ সংক্রান্ত প্রস্তুতির ছবিও প্রকাশ করেছে।
সব মিলিয়ে, সমঝোতার আশা জাগলেও হরমুজ প্রণালী ও অবরোধ ইস্যুতে দুই দেশের কঠোর অবস্থানের কারণে কূটনৈতিক সম্পর্ক আবারও গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে।
ভোরের আকাশ/সু.পা