গাজাবাসীর জন্য সব ধরনের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
যুদ্ধবিদ্ধস্ত গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য সব ধরনের অস্থায়ী ভিসা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৬ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।
চিকিৎসা ও মানবিক সহায়তার জন্য দেওয়া ভিসা অনুমোদনের প্রক্রিয়া পুনঃমূল্যায়নের সিদ্ধান্ত নেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দফতর থেকে জানানো হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, গাজার বাসিন্দাদের জন্য অস্থায়ী ভিত্তিতে চিকিৎসা ও মানবিক কারণে যেসব ভিসা সাম্প্রতিক সময়ে দেওয়া হয়েছে, তার পদ্ধতি এখন ‘পূর্ণাঙ্গ ও পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার’ আওতায় আনা হয়েছে। এই পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত নতুন করে আর কোনো ভিসা দেওয়া হবে না।
পররাষ্ট্র দফতরের দাবি, চলতি সময়ের মধ্যে ‘অল্প সংখ্যক’ গাজাবাসীকে মানবিক বিবেচনায় ভিসা দেওয়া হয়েছে। তবে কতজনকে অনুমোদন দেওয়া হয়েছে, সেই সংখ্যা স্পষ্ট করা হয়নি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের মে মাসে ফিলিস্তিনি অথরিটি ট্রাভেল ডকুমেন্টধারী প্রায় ৬৪০ জন নাগরিককে যুক্তরাষ্ট্রে ভিসা দেওয়া হয়েছিল। এসব ভিসার বেশির ভাগই ছিল B1/B2 শ্রেণির—যা মূলত ভিজিট এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। সূত্র : রয়টার্স
ভোরের আকাশ/তা.কা