ফিলিপাইনে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার পূর্বাঞ্চলীয় রিজাল প্রদেশে একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে ম্যানিলা থেকে কুইজন প্রদেশে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএপি)।
পিলিলা শহরের মেয়র জন মাসিনসিন সামাজিক মাধ্যমে জানান, পাঁচজন আরোহী নিয়ে হেলিকপ্টারটি স্থানীয় সময় সকাল ৭টার কিছু পর বিধ্বস্ত হয়। আরোহীদের মধ্যে দুইজন বিদেশি নাগরিক ছিলেন।
দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন এবং অন্যজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত উদ্ধার করে একটি প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।
ভোরের আকাশ/আ.র