ঝড়-বন্যায় বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী উপকূলীয় ঝড় 'নরইস্টার'-এর তাণ্ডবে নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই দুর্যোগের কারণে প্রবল বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া এবং ভয়াবহ উপকূলীয় বন্যার সৃষ্টি হয়েছে, যার ফলে দুই রাজ্যের জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে
শক্তিশালী ঝড়ের প্রভাবে নিউইয়র্কে একজনের মৃত্যু হয়েছে। ব্রুকলিনের ইস্ট নিউইয়র্ক এলাকায় গাছ ভেঙে পড়লে ৫৬ বছর বয়সী লেইটন ব্রাউন নিহত হন।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল নিউইয়র্ক সিটি, নাসাউ, সাফোক ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন।
নিউ জার্সির গভর্নর মিকি শেরিল আটটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
ঝড়ের কারণে শনিবার একপর্যায়ে উত্তর-পূর্বাঞ্চলে এক লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। রাত পর্যন্ত ৭৩ হাজারের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।
বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটে। শনিবার রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিমানবন্দর-সংশ্লিষ্ট ৪৪৫টি ফ্লাইট বাতিল এবং ৩ হাজার ১৬টি বিলম্বিত হয়।
প্রতিকূল আবহাওয়ার কারণে খেলাধুলা ও বিনোদনের সূচিতেও পরিবর্তন এসেছে। নিউইয়র্কের গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল বাতিল করা হয়েছে। ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে এড শিরানের দুটি কনসার্টও বাতিল হয়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, নিউ ইংল্যান্ডের কিছু এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস ও উপকূলীয় বন্যার ঝুঁকি সোমবার পর্যন্ত থাকতে পারে।
ভোরের আকাশ/আ.র