ঘূর্ণিঝড় নাররার তাণ্ডবে চীন-ভিয়েতনামে বন্যা, আশ্রয়কেন্দ্রে হাজারো পরিবার

ঘূর্ণিঝড় (তাইফুন) নাররার আঘাতে দক্ষিণ চীনের গুয়াংজি প্রদেশ ও উত্তর ভিয়েতনামের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে গুয়াংজির প্রায় ৫৪ হাজার মানুষ এবং উত্তর ভিয়েতনামের ৪ হাজার ৩০০ পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন। ঝড়-বৃষ্টির কারণে ভিয়েতনামে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
বেইবু উপসাগরের একটি নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় নাররা সোমবার ভোরে উত্তর ভিয়েতনামের উপকূলে আঘাত হানে। এর আগের দিন রোববার থেকেই দক্ষিণ চীনের গুয়াংজি এবং উত্তর ভিয়েতনামের ল্যাং সন ও কাও বাং প্রদেশে শুরু হয় ভারী বৃষ্টিপাত।
ভিয়েতনামের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রোববার ২৪ ঘণ্টায় ল্যাং সন ও কাও বাংয়ে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় নদী ও জলাশয়ের পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ভিয়েতনামের পর্যটনশহর কুয়াং নিনেও বন্যা দেখা দিয়েছে। শহরটি ইউনেস্কোর স্বীকৃত ঐতিহ্যবাহী স্থানগুলোর অন্যতম। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ঝড় ও ভারী বৃষ্টির কারণে প্রায় ৫৫ হাজার পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি প্রায় ১০ হাজার হেক্টর কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, ঝড়-বৃষ্টির প্রভাবে চীনের গুয়াংজি প্রদেশের ১৫টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে প্রদেশটির চংজুও শহরের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় চীন ও ভিয়েতনাম—দুই দেশেই উদ্ধারকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সদস্যরা দুর্গত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছেন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমও অব্যাহত রয়েছে। সূত্র : রয়টার্স
ভোরের আকাশ/সু.পা