আইসিসি ৩ বিচারকের ট্রাম্পের বিরুদ্ধে মামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তিনজন বিচারক মামলা করেছেন। গত বছর আরোপিত নিষেধাজ্ঞাকে বেআইনি দাবি করে তারা ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (২৫ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মামলা দায়েরকারী বিচারকরা হলেন কানাডার কিম্বারলি প্রোস্ট, উগান্ডার সলোমি বালুঙ্গি বোসা এবং বেনিনের রেইন অ্যাডিলেড সোফি অ্যালাপিনি গানসু। তারা বুধবার ম্যানহাটনের ফেডারেল আদালতে এই মামলা করেন।
অভিযোগে বলা হয়েছে, বিচারবহির্ভূত চাপ প্রয়োগের উদ্দেশ্যে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার লক্ষ্য ছিল তাদের শাস্তি দেওয়া এবং সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য করা।
এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের যুদ্ধাপরাধ তদন্ত শুরুর সিদ্ধান্তের কারণে ট্রাম্প প্রশাসন আইসিসির কয়েকজন বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা সংশ্লিষ্টদের সম্পদ জব্দ করা হয় এবং তাদের সঙ্গে লেনদেনও নিষিদ্ধ করা হয়।
২০০২ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বর্তমানে ১২৫টি সদস্য রাষ্ট্রে সংঘটিত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের বিচার করে থাকে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতেও আদালত বিচারিক কার্যক্রম পরিচালনা করতে পারে। তবে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ইসরায়েলের মতো কয়েকটি দেশ আইসিসির এখতিয়ার স্বীকার করে না।
মামলাকারী বিচারকরা দাবি করেছেন, তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের পরিপন্থি। তাদের মতে, কোনো বাস্তব জাতীয় জরুরি পরিস্থিতি বা অস্বাভাবিক হুমকি ছাড়াই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তারা আরও অভিযোগ করেন, এই নিষেধাজ্ঞা মূলত বিচারকদের আর্থিক ও ব্যক্তিগত সম্পদকে লক্ষ্য করে চাপ সৃষ্টির একটি কৌশল।
বিচারকদের ভাষ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার কারণে তারা এখন ব্যাংকিং সেবা, ক্রেডিট কার্ড ব্যবহার, অনলাইন প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন ও গুগল ব্যবহার, ভ্রমণ বুকিং এমনকি অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিমা সুবিধাও থেকে বঞ্চিত হচ্ছেন।
তাদের আরও দাবি, এই পরিস্থিতিতে ভবিষ্যতের বা চলমান কোনো মামলায় প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও যুক্তি উপস্থাপন করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সূত্র: আল জাজিরা
ভোরের আকাশ/সু.পা