শ্রীলঙ্কার কাছে জরুরি চিকিৎসা সহায়তা চাইলেন সাগরে আটকেপড়া ৪০ ইরানি নাবিক

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে সাগরে আটকে পড়া প্রায় ৪০ জন অসুস্থ ইরানি নাবিককে মানবিক কারণে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে শ্রীলঙ্কা। শনিবার (২৪ অক্টোবর) শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় গল বন্দরের মাধ্যমে তাদের জাহাজ থেকে তীরে আনা হয়। রোববার (২৫ অক্টোবর) লঙ্কান কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
তারা জানান, সপ্তাহান্তে রাজধানী কলম্বো থেকে ১১৫ কিলোমিটার দক্ষিণে গল বন্দরের মাধ্যমে ওই নাবিকদের তীরে আনা হয়। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি চিকিৎসা প্রয়োজন এমন ইরানি নাবিকদের জাহাজ থেকে তীরে আনার ব্যবস্থা সমন্বয় করেছে তারা।
মন্ত্রণালয়ের মুখপাত্র থুশারা রদ্রিগো একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে বলেন, ‘আমরা নাবিকদের তীরে আনার ব্যবস্থা করেছি এবং মানবিক দায়িত্ব পালন করেছি।’ তিনি জানান, এ কার্যক্রমের ব্যয় বহন করেছে ইরানি দূতাবাস।
গল বন্দরের কাছাকাছি প্রায় এক ডজন খালি ইরানি তেলবাহী ট্যাংকার নোঙর করে রয়েছে।
গত মার্চে শ্রীলঙ্কার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা ডুবিয়ে দেয় যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন। এতে ১০৪ জন নাবিক নিহত হন।
শ্রীলঙ্কার নৌবাহিনী ওই জাহাজ থেকে ৩২ জন ইরানি নাবিককে উদ্ধার করে। এ ছাড়া ইরানের আরেকটি নৌযান দ্বীপরাষ্ট্রটির উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিনকোমালি বন্দরে আশ্রয় চেয়েছে।
যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ইরানের তেলবাহী ট্যাংকারসহ অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলো নিজ দেশে ফিরতে পারছে না। ফলে সেগুলো অনিশ্চয়তার মধ্যে আটকে রয়েছে।
ভোরের আকাশ/আ.র