ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ
যুদ্ধের প্রভাব কাটিয়ে কুয়েত ফ্লাইট চালু

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল কুয়েত। প্রায় দুই মাস পর গতকাল বৃহস্পতিবার আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই তেলসমৃদ্ধ দেশটি। কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুনার বরাত দিয়ে তুরস্কের সরকারি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক হামৌদ মুবারক আকাশসীমা পুনরায় চালুর বিষয়ে বলেন, “আঞ্চলিক পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি আমরা কুয়েতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছিলাম। আজ তা আবার খুলে দেওয়া হয়েছে। শিগগিরই বিমানবন্দর পূর্ণাঙ্গ কার্যক্রমে ফিরবে। আমাদের এই পদক্ষেপ সেই লক্ষ্যে প্রথম ধাপ।”
ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে গত দুই দশক ধরে পশ্চিমা বিশ্বের সঙ্গে দেশটির দ্বন্দ্ব চলছে। এ দুই ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়।
এর পরদিন, ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান শুরু করে। অভিযানের প্রথম দিনেই খামেনিসহ ইরানের সামরিক ও প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হন বলে জানা যায়। এর জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করে।
যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের ছয় দেশ—সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সূত্র: আনাদোলু এজেন্সি
গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর আগে কুয়েতের বিমানবন্দরও কয়েক দফা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।
কুনা নিউজ এজেন্সিকে মুবারক জানান, এসব হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ ইতোমধ্যে ক্ষয়ক্ষতির হিসাব ও নথিবদ্ধ করার কাজ সম্পন্ন করেছে। বিমানবন্দর বন্ধ থাকার সময় কুয়েতের বিমানগুলো নিজেদের বিমানবন্দরে রাখার অনুমতি দেয় সৌদি আরব। এ জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হামৌদ মুবারক।
ভোরের আকাশ/সু.পা