ইংলিশ চ্যানেলে রুশ ট্যাঙ্কার জব্ধ করল যুক্তরাজ্য

ইংলিশ চ্যানেলে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া বহরের একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ব্রিটিশ সামরিক বাহিনী। রোববার (১৪ জুন) ভোরে অভিযান চালিয়ে ট্যাঙ্কারটি আটক করা হয় বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
ছয় ঘণ্টাব্যাপী এই অভিযানে রয়্যাল মেরিন কমান্ডো এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) বিশেষ প্রশিক্ষিত কর্মকর্তারা অংশ নেন। অভিযানে রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) সহায়তা প্রদান করে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্মায়রটস’ নামের এই ট্যাঙ্কারটি বর্তমানে তদন্ত চলাকালে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে আটক অবস্থায় রাখা হয়েছে। জাহাজটি নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানানো হয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এই সফল অভিযান রাশিয়ার বিরুদ্ধে আরও একটি বড় পদক্ষেপ। তার ভাষায়, “ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধকে যারা সহায়তা করছে, এটি তাদের জন্য সতর্কবার্তা। আমরা তাদের কোথাও লুকিয়ে থাকতে দেব না।”
প্রতিরক্ষামন্ত্রী ড্যান জার্ভিস বলেন, রাশিয়া এই ‘শ্যাডো ফ্লিট’ ব্যবহার করে নিষেধাজ্ঞা এড়িয়ে ইউক্রেন যুদ্ধের অর্থায়ন করছে, যা পুতিনের যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে মেরিটাইম এয়ার গ্রুপ, আরএএফের পি-৮ বিমান, এবং যুদ্ধজাহাজ এইচএমএস সাদারল্যান্ড ও এইচএমএস লেডবেরি অংশ নেয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাশিয়ার নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেলের প্রায় ৭৫ শতাংশই এই সাত শতাধিক জাহাজের ছায়া বহরের মাধ্যমে পরিবহন করা হয়। যুক্তরাজ্য ইতোমধ্যে এই বহরের ৫০০টিরও বেশি জাহাজকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। সূত্র: বিবিসি
ভোরের আকাশ/সু.পা