দিল্লি থেকে সুইজারল্যান্ডগামী ফ্লাইটে আগুন

ভারতের দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ছয়জন যাত্রী আহত হয়েছেন। নিরাপত্তাজনিত কারণে উড্ডয়ন বাতিল করে সবাইকে জরুরি ভিত্তিতে নামিয়ে আনা হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি সুইস আন্তর্জাতিক বিমান সংস্থা পরিচালিত ফ্লাইট এলএক্স১৪৭। এটি এয়ারবাস এ৩৩০ মডেলের একটি বিমান ছিল এবং সুইজারল্যান্ডের জুরিখের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল।
স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টা ৮ মিনিটে বিমানটি রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় একটি ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিল করেন।
দুর্ঘটনার পর জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীদের দ্রুত নিরাপদে নামানো হয়। যারা স্লাইড ব্যবহার করতে পারেননি, তাদের সিঁড়ির মাধ্যমে সরানো হয়। পরে আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বিমানের সব ক্রু সদস্য নিরাপদে আছেন। সূত্র: এনডিটিভি
বিমানটিতে মোট ২২৮ জন যাত্রী ও চারজন শিশু ছিলেন। এয়ারলাইন কর্তৃপক্ষ যাত্রীদের সহায়তায় একটি বিশেষ টিম গঠন করেছে। পাশাপাশি বিকল্প ফ্লাইট ও হোটেল থাকার ব্যবস্থাও করা হচ্ছে।
ঘটনার কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে ইঞ্জিন বিকল হওয়ার কারণেই আগুন লাগার ধারণা করা হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা