সুদানে স্বর্ণখনি ধসে ৫০ শ্রমিক নিহত

উত্তর আফ্রিকার দেশ সুদানের উত্তরপূর্বাঞ্চলীয় হাওয়াইদ মরুভূমিতে একটি স্বর্ণখনি ধসে অন্তত ৫০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি রবিবার সকালের দিকে ঘটে।
স্থানীয় দৈনিক আলরাকোবার প্রতিবেদনে জানা গেছে, খনির একটি অংশে বিপুল পরিমাণ পাথর ও বালি ধসে পড়ে শ্রমিকরা আটকা পড়েন। পরবর্তীতে স্থানীয় লোকজন ও অন্যান্য শ্রমিকেরা উদ্ধারকাজ শুরু করলে কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়। তবে উদ্ধারকারী বাহিনীর কাছে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি না থাকায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া অধিকাংশ শ্রমিককে উদ্ধার করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, আটকা পড়াদের সবাই নিহত হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, খনিতে শ্রমিকদের নিরাপত্তার যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া দুই মাস আগে একই স্থানে একটি ধস নেমেছিল, কিন্তু সে সময় কোনো প্রাণহানি ঘটেনি।
সুদান বিশ্বের অন্যতম বড় স্বর্ণ রপ্তানিকারী দেশ হলেও বেশিরভাগ খনিতে শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি, যা আন্তর্জাতিক মহলে সুদান সরকারের ব্যাপক সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
ভোরের আকাশ//হ.র