হরমুজ প্রণালি উত্তেজনা
যুক্তরাষ্ট্রেকে ব্যর্থ করে বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ

ওমান সাগরে যুক্তরাষ্ট্রের জব্দ করার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করে নিরাপদে নির্ধারিত বন্দরে পৌঁছেছে ইরানের একটি পণ্যবাহী জাহাজ। চালবাহী ওই জাহাজটির নিরাপদে চলাচল নিশ্চিত করতে সরাসরি পাহারার দায়িত্ব পালন করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যম ফারস নিউজ এ তথ্য নিশ্চিত করে। আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়, ওমান সাগরে মার্কিন নৌবাহিনী জাহাজটিকে বাধা দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল। তবে সময়োচিত হস্তক্ষেপ ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।
পরে জাহাজটি হরমুজ প্রণালি পেরিয়ে গন্তব্য বন্দরে পৌঁছায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ঘটনাটিকে আঞ্চলিক জলসীমায় চলমান উত্তেজনার অংশ হিসেবে উল্লেখ করেছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানগামী সমুদ্রপথে বাণিজ্য পরিবহনে অবরোধের আহ্বান জানান বলে দাবি করা হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বর্তমানে এই অঞ্চলে দুটি বিমানবাহী রণতরীসহ অন্তত ২৬টি যুদ্ধজাহাজ অবস্থান করছে।
এ ছাড়া সেন্টকমের তথ্য অনুযায়ী, আরও একটি বিমানবাহী রণতরী ‘ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ’ মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে এবং ইতোমধ্যে তাদের দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনার মধ্য দিয়ে আঞ্চলিক সমুদ্রপথে উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত মিলছে। আইআরজিসির এই পদক্ষেপকে ইরান নিজেদের সমুদ্রসীমা ও বাণিজ্যিক স্বার্থ রক্ষার শক্ত অবস্থান হিসেবে দেখছে। উল্লেখ্য, ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া অবরোধ পরিস্থিতির পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোতে যুদ্ধজাহাজের উপস্থিতি ও মুখোমুখি অবস্থান ক্রমেই বাড়ছে।
ভোরের আকাশ/সু.পা