ঈদের দিন সকালে ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির আভাস

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, ঈদের দিন সকালে রাজধানীসহ রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে থেমে থেমে বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাত না হলে গুড়ি গুড়ি বৃষ্টি থাকবে। চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় তুলনামূলক কম বৃষ্টি হবে। বুধবার (২৭ মে) এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এই আবহাওয়াবিদ বলেন, জ্যেষ্ঠ মাসে মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হওয়ার আগে বাংলাদেশ ও আশপাশের এলাকায় আকাশে মেঘ জমে বৃষ্টিপাত হয়।
তিনি আরও বলেন, এ সপ্তাহে ঘূর্ণিঝড় বা লঘুচাপের সম্ভবনা নেই। তবে জুনের প্রথম সপ্তাহের মাঝামাঝি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভবনা রয়েছে। তখনও সারা দেশে বৃষ্টি হবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিন দেশের অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
ভোরের আকাশ/এসএইচ