জাকসু পুনর্নির্বাচনের দাবিতে ছাত্রদলের মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাবি ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নতুন কলা ভবনের সামনে কবির সরণি থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদী, এজিএস প্রার্থী সাজ্জাদসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা স্লোগান দেন— ‘প্রহসনের নির্বাচন মানি না, মানব না’, ‘জাকসু বয়কট’ ইত্যাদি।
সংক্ষিপ্ত সমাবেশে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন বাবর বলেন, “শুরু থেকেই প্রশাসন ও নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। আমাদের পোলিং এজেন্টদের বিভিন্ন হলে হয়রানি করা হয়েছে। অনেক হলে জাল ভোট দেওয়া হয়েছে, মেয়েদের জাহানারা ইমাম হল ও বঙ্গমাতা হলে ব্যালট পেপার নিয়ে গিয়ে ভুয়া ভোট দেওয়া হয়েছে প্রশাসনের মদদে।”
তিনি অভিযোগ করেন, “ছাত্রশিবিরকে অতিরিক্ত ব্যালট দিয়ে ভোট জালিয়াতি করানো হয়েছে। নারী সংগঠনকেও কারচুপির কাজে ব্যবহার করা হয়েছে। আমরা অবিলম্বে এ নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছি।”
বাবর জানান, শুক্রবার জাকসু নির্বাচন কমিশনে পুনর্নির্বাচনের দাবিতে স্মারকলিপি দেওয়া হবে। পাশাপাশি ভোট বয়কট করা অন্যান্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে যুগপৎ আন্দোলনের কথাও বিবেচনা করা হচ্ছে।
এর আগে বিকেলে ছাত্রদল মনোনীত প্যানেল সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। পরে আরও অন্তত চারটি প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী একই অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
ভোরের আকাশ//হ.র