সিরিজে পিছিয়ে শ্রীলঙ্কা, টানা পাঁচ ম্যাচে হার লঙ্কানদের

ব্যাট হাতে ভালো শুরু করেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি শ্রীলঙ্কা। জেসন হোল্ডারের বোলিং আঘাতে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ৭ উইকেটে হেরে গেছে লঙ্কানরা। এর ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। একই সঙ্গে টি-টোয়েন্টি ফরম্যাটে টানা পাঁচ ম্যাচে হার দেখল শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার (১২ জুন) জ্যামাইকার স্যাবাইনা পার্কে টস জিতে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রান সংগ্রহ করে তারা। কামিন্দু মেন্ডিসের ফিফটি এবং কুশল পেরেরার ৩৬ রান ছাড়া বাকি ব্যাটাররা সুবিধা করতে পারেননি।
ইনিংসের শুরুতে আক্রমণাত্মক ছিল শ্রীলঙ্কা। প্রথম চার ওভারে আসে ৩৯ রান। তবে পঞ্চম ওভারে বল হাতে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জেসন হোল্ডার। ওভারের প্রথম বলে বাউন্ডারি হজম করলেও পরের দুই বলেই ফিরিয়ে দেন পাথুম নিসাঙ্কা (১৮) ও লাসিথ ক্রুসপুলকে।
এরপর শামার জোসেফের গতির সামনে আরও চাপে পড়ে সফরকারীরা। এক ওভারের ব্যবধানে আউট হন পাভান রাথ্নায়েকে ও অধিনায়ক কুশল মেন্ডিস। মাত্র ৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা।
পঞ্চম উইকেটে কামিন্দু মেন্ডিস ও দাসুন শানাকা ৫৯ রানের জুটি গড়ে ইনিংস সামলানোর চেষ্টা করেন। তবে রান তোলার গতি ছিল ধীর। শানাকা ২৩ বলে ২২ রান করে আউট হন। অন্যদিকে কামিন্দু ৩৯ বলে ৫১ রান করে শেষ ওভারে রানআউট হন। শেষ সাত ওভারে মাত্র ৩৯ রান তুলতে পারায় বড় স্কোর গড়তে পারেনি লঙ্কানরা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার ও আলজারি জোসেফ তিনটি করে উইকেট নেন।
১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লেতেই শাই হোপ ও ব্র্যান্ডন কিংয়ের ব্যাটে আসে ৬৬ রান। কিং ২২ বলে ৩৭ রান করে আউট হলেও ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া করেনি স্বাগতিকরা।
তবে লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা কিছুটা প্রতিরোধ গড়েন। তিনি ব্র্যান্ডন কিং ও শিমরন হেটমায়ারের উইকেট তুলে নেন। রস্টন চেইসও দ্রুত রান তুলতে ব্যর্থ হন।
তবুও এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে রাখেন অধিনায়ক শাই হোপ। শেষ পর্যন্ত রভম্যান পাওয়েলের সঙ্গে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন তিনি। ৫৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৫ রানের ইনিংস খেলেন হোপ।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। পাশাপাশি টি-টোয়েন্টিতে টানা পাঁচ ম্যাচে পরাজয়ের বৃত্তে আটকে থাকল শ্রীলঙ্কা।
ভোরের আকাশ/সু.পা