চেকদের হারিয়ে ‘এ’ গ্রুপে মেক্সিকোর সঙ্গী দক্ষিণ কোরিয়া

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ‘এ’ গ্রুপে জয় দিয়ে শুরু করেছিল স্বাগতিক মেক্সিকো। দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় আয়োজকরা। একই গ্রুপের অন্য ম্যাচেও জয় পেয়েছে আরেক ফেবারিট দক্ষিণ কোরিয়া। পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে এশিয়ার দলটি।
শুক্রবার মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় দক্ষিণ কোরিয়া। নিজের চতুর্থ বিশ্বকাপে দলের নেতৃত্ব দেওয়া অধিনায়ক সন হিউং-মিন একের পর এক আক্রমণ পরিচালনা করলেও গোলের দেখা পাননি। তবে তার নেতৃত্বে আক্রমণভাগের চাপ ধরে রাখে কোরিয়ানরা।
প্রথমার্ধে দুই দলই কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও কেউ গোল করতে পারেনি। ফলে বিরতিতে যাওয়ার সময় স্কোরলাইন ছিল গোলশূন্য।
বিরতির পর ম্যাচের ৫৯তম মিনিটে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। ডিফেন্ডার ভ্লাদিমির সুফালের লম্বা থ্রো থেকে বল পেয়ে দুর্দান্ত হেডে জাল খুঁজে নেন অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। সেই গোলে এগিয়ে যায় ইউরোপের দলটি।
তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি চেকরা। গোল হজমের আট মিনিট পরই সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। হোয়াং ইন-বম চেক ডিফেন্ডার রবিন হ্রানাচকে কাটিয়ে গোলরক্ষক মাতেয় কোভারের ওপর দিয়ে চমৎকার এক শটে বল জালে জড়ান।
৭৭তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চেক প্রজাতন্ত্র। ফ্রি-কিক থেকে টমাস সৌচেক বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।
সেই হতাশার রেশ কাটতে না কাটতেই ম্যাচের ৮০তম মিনিটে জয়সূচক গোল আদায় করে নেয় দক্ষিণ কোরিয়া। ডান দিক থেকে আসা দারুণ এক ক্রসে বল পেয়ে কয়েক গজ দূর থেকে শট নেন ওহ হিউয়ান-গিউ। বল গোলরক্ষক কোভারের হাতে লেগে জালে ঢুকে গেলে উল্লাসে মেতে ওঠে কোরিয়ান শিবির।
এই জয়ে বিশ্বকাপে নিজেদের ইতিবাচক ধারাও ধরে রাখল দক্ষিণ কোরিয়া। সর্বশেষ সাতটি বিশ্বকাপের মধ্যে প্রথম ম্যাচে মাত্র একবার হেরেছে তারা। বিশ্বকাপ ইতিহাসে এটি তাদের অষ্টম জয়। উল্লেখযোগ্যভাবে, ২-১ ব্যবধানে পাওয়া চারটি জয়ের প্রতিটিতেই প্রথমে পিছিয়ে পড়েছিল কোরিয়ানরা।
এ ছাড়া বিশ্বকাপের মূলপর্বে দক্ষিণ কোরিয়ার আগের সাত জয়ের ছয়টিই ছিল ইউরোপিয়ান দলের বিপক্ষে। চেক প্রজাতন্ত্রকে হারিয়ে সেই তালিকায় যোগ হলো আরও একটি গুরুত্বপূর্ণ জয়।
ফলে ‘এ’ গ্রুপে প্রথম ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে মেক্সিকোর সঙ্গে শীর্ষে অবস্থান করছে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে হার দিয়ে বিশ্বকাপে প্রত্যাবর্তন হলো চেক প্রজাতন্ত্রের।
ভোরের আকাশ/সু.পা