আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে
বগুড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বগুড়ায় ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৫ জুন)বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ব্রাজিল ও আর্জেন্টিনার শত শত সমর্থক অংশ নেন।
সমর্থকেরা নিজ নিজ দলের জার্সি, পতাকা ও ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এ সময় ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস, স্লোগান ও রঙিন সাজসজ্জায় পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজকরা জানান, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। প্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকরা একসঙ্গে এই শোভাযাত্রার আয়োজনের মাধ্যমে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অংশগ্রহণকারীরা বলেন, বিশ্বকাপের এখনও সময় বাকি থাকলেও ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা ও আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে। প্রিয় দলের প্রতি সমর্থন জানানো এবং বিশ্বকাপের আনন্দ ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বগুড়ার ফুটবলপ্রেমীরা মনে করছেন, বিশ্বকাপ যত ঘনিয়ে আসবে, শহরজুড়ে ফুটবলকেন্দ্রিক আয়োজনও তত বাড়বে। ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের এই মিলনমেলা ইতোমধ্যেই বিশ্বকাপ উন্মাদনার বার্তা ছড়িয়ে দিয়েছে সর্বত্র।
ভোরের আকাশ/এনউব