৬৫ বছরেও ফুটবলের নেশা রনি ব্রুনসউইকের, পেনাল্টি থেকে করলেন গোল

বয়স ৬৫ বছর। তবু ফুটবলের প্রতি ভালোবাসায় ভাটা পড়েনি একটুও। শুধু মাঠে নামাই নয়, নিজেই নিজের নাম তুলে দেন একাদশে। এরপর পেনাল্টি থেকে গোল করে আলোচনায় এসেছেন সুরিনামের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ইন্টার মোয়েনগোটাপো ক্লাবের মালিক রনি ব্রুনসউইক।
শনিবার (৩১ অক্টোবর) পলিসি ভুয়েটবল ভ্রেন্ডেনের বিপক্ষে ৫-০ গোলের জয়ে পেনাল্টি থেকে গোল করেন তিনি। সুরিনামের শীর্ষ ফুটবল লিগে এটিই তাঁর প্রথম গোল।
ম্যাচে তখন ৪-০ গোলে এগিয়ে ছিল ইন্টার মোয়েনগোটাপো। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় দলটি। রেফারি স্পট কিকের নির্দেশ দিতেই বলের দিকে এগিয়ে যান ব্রুনসউইক। ক্লাবের মালিক ও সাবেক কোচের এমন আগ্রহ দেখে সতীর্থরাও বিস্মিত হন। শেষ পর্যন্ত ১২ গজ দূর থেকে শট নিয়ে বল জালে পাঠান ৬৫ বছর বয়সী এই ফুটবলার। প্রতিপক্ষ গোলরক্ষকও তাঁর শট ঠেকানোর তেমন চেষ্টা করেননি। গোলের পর দুই হাত তুলে উদ্যাপন করেন ব্রুনসউইক।
সুরিনামের সাবেক এই রাজনীতিক ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তবে তাঁর রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তিগত অতীতও নানা বিতর্কে জড়ানো। ১৯৯৯ সালে মাদক পাচারের অভিযোগে নেদারল্যান্ডসের একটি আদালত তাঁকে অনুপস্থিতিতে আট বছরের কারাদণ্ড দেন। নেদারল্যান্ডস ও সুরিনামের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় সেই সাজা ভোগ করতে হয়নি তাঁকে।
রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে ফুটবলেও সক্রিয় ব্রুনসউইক। ২০২১ সালে ৬০ বছর বয়সে কনকাকাফ লিগে হন্ডুরাসের ক্লাব সিডি অলিম্পিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। সেবার তাঁর দল ৬-০ গোলে হেরে যায়। ম্যাচ শেষে প্রতিপক্ষের ড্রেসিংরুমে খেলোয়াড়দের অর্থ বিতরণের একটি ভিডিও ছড়িয়ে পড়লে তদন্তে নামে কনকাকাফ। পরে দুই ক্লাবকেই টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়। ব্রুনসউইককে দেওয়া হয় তিন বছরের নিষেধাজ্ঞা।
এদিকে মাঠের পারফরম্যান্সে দারুণ সূচনা করেছে ইন্টার মোয়েনগোটাপো। লিগের প্রথম তিন ম্যাচেই অপরাজিত রয়েছে ১১ বারের চ্যাম্পিয়নরা। শনিবারের বড় জয়ে শীর্ষস্থানও আরও মজবুত করেছে দলটি।
ভোরের আকাশ/সু.পা