বিজিবির মানবিক কার্যক্রম
খাগড়াছড়িতে শিক্ষার্থীদের ইজি বাইক ও খেলাধুলা সামগ্রী বিতরণ

সীমান্ত সুরক্ষার পাশাপাশি শিক্ষা ও মানবিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে একটি ইজি বাইক প্রদান এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহ জোগাতে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর উদ্যোগে চেঙ্গী বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ইজি বাইক হস্তান্তর এবং শিক্ষার্থীদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দেন খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
বিজিবির এ উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত আরও সহজ হওয়ার পাশাপাশি তাদের খেলাধুলা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি এবং পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা, যাতায়াতের দুর্ভোগ লাঘব এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকার শিক্ষা, স্বাস্থ্য, আর্থসামাজিক উন্নয়ন ও জনকল্যাণে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
ভোরের আকাশ/সু.পা