ব্যাটিং নিয়ে হতাশ, পেসারদের পারফরম্যান্সে খুশি শান্ত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। তবে এই ম্যাচে বল হাতে নিজেদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়েছেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে পেসার শরিফুল ইসলাম একাই নিয়েছেন ৭ উইকেট। পুরো সিরিজেই বাংলাদেশের পেসারদের দাপট ছিল চোখে পড়ার মতো। এতে বেশ খুশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘অনেক খুশি। পেস বোলিং আক্রমণের জায়গায় আমরা গত কয়েক বছরে অনেক উন্নতি করেছি। বাংলাদেশের পেসাররা গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে, তারা দারুণ করছে। হাসান, শরিফুল, তাসকিনরা যেভাবে বল করেছে, সব পেসার যেভাবে গত কয়েক বছরে বল করছে, তাতে আমি অনেক খুশি। এখানে এবং বাংলাদেশেও তারা অনেক ভালো করেছে। সব কাজ ঠিকভাবে করছে। ভালো ছন্দে আছে তারা। অধিনায়ক হিসেবেও আমি বেশ খুশি।’
পেসারদের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও ব্যাটারদের নিয়ে হতাশ শান্ত। নিজেদের ব্যর্থতার জন্য কোনো অজুহাতও দিতে চান না বাংলাদেশ অধিনায়ক। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বোলারদেরও কৃতিত্ব দিয়েছেন তিনি।
শান্ত বলেন, ‘আবেগ তো থাকবেই। তবে পেশাদার হিসেবে ম্যাচে মনোযোগ দিতে হবে। আমি বিশ্বাস করি, সবাই তা করেছেও। তবে মাঠে নিজেদের সেরাটা খেলতে পারিনি আমরা।’
বাংলাদেশের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘অবশ্যই হতাশাজনক ব্যাটিং। তবে টস অনেক বড় ফ্যাক্টর ছিল। প্রথম ইনিংসে ব্যাট করা কঠিন ছিল, তিন ইনিংসেই ব্যাট করা কঠিন ছিল। তবে কোনো অজুহাত দিতে চাই না। আমরা বাজে ব্যাট করেছি, তারাও অনেক ভালো বল করেছে। সামনে আমাদের টেকনিক্যাল জায়গায় অনেক উন্নতি করতে হবে।’
ভোরের আকাশ/সু.পা