এশিয়ান গেমসে বাংলাদেশসহ চার দল সরাসরি নকআউট পর্বে

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে ২০২৬ এশিয়ান গেমস। এই আসরের পুরুষ ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্রথম রাউন্ড না খেলেই মূলপর্ব নিশ্চিত করেছে টাইগাররা। বাংলাদেশ ছাড়াও র্যাঙ্কিংয়ের কারণে সরাসরি নকআউট পর্বে জায়গা পেয়েছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী, মোট ১০টি দল শিরোপার লড়াইয়ে অংশ নেবে। এর মধ্যে চারটি দল সরাসরি নকআউট পর্বে খেলবে, আর বাকি ছয় দলকে মূলপর্বে জায়গা করে নিতে লড়তে হবে প্রথম রাউন্ডে।
প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের সেরা দুটি করে দল নকআউট পর্বে উঠবে। নকআউট পর্বে উঠে আসা চার দল কোয়ার্টার ফাইনালে সরাসরি জায়গা পাওয়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে।
মহাদেশীয় এই প্রতিযোগিতায় পুরুষদের ক্রিকেট ইভেন্টে ১০ দলের অংশগ্রহণে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। পুরো টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
ভোরের আকাশ/সু.পা