পারেদেস ‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিয়ে বলেন বিশ্বকাপ হারার কষ্ট থাকবে

বিশ্বকাপ ফাইনালের রেশ কাটতে না কাটতেই ক্লাব ফুটবলে ফিরেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেস। স্বদেশি ক্লাব বোকা জুনিয়র্সের জার্সিতে মাঠে নেমে জয় পাওয়ার পর তিনি কথা বলেছেন বিশ্বকাপ ফাইনাল ঘিরে তৈরি হওয়া বিতর্ক, কথিত ষড়যন্ত্র তত্ত্ব এবং জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে।
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে পারেদেস প্রথমে বিশ্বকাপে পাঁজরের চোট এবং সেই অবস্থায় বোকা জুনিয়র্সে ফেরার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রথম কয়েকটি দিন খুব কঠিন ছিল, কারণ আমার পাঁজরে ফাটল ধরা পড়েছিল। এখন অনেকটাই ভালো আছি। মিশরের বিপক্ষে ম্যাচের পর প্রথম কয়েক দিন প্রচণ্ড ব্যথা ছিল। পরে ট্রমাটোলজিস্টদের সহায়তায় যতটা সম্ভব পরিস্থিতি সামলে খেলেছি।’
বিশ্বকাপ ফাইনাল ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব সরাসরি উড়িয়ে দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। মূলত ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশে অধিনায়ক লিওনেল মেসির দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা আলোচনা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে মেসিকে বলতে শোনা যায়, ‘সবাই শান্ত থাকো। শুধু খেলার দিকে মনোযোগ দাও। সবকিছু ভুলে গিয়ে মাঠে নামো।’
মেসির সেই বক্তব্য এবং ফাইনালে আর্জেন্টিনার ওঠানামার পারফরম্যান্স মিলিয়ে কিছু সমর্থক নানা প্রশ্ন তুললেও বিষয়টি নাকচ করেছেন কোচ লিওনেল স্কালোনি, সহকারী কোচ রবার্তো আয়ালা এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। একই সুরে কথা বলেছেন পারেদেসও।
তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে, চলাকালে এবং পরে যা যা বলা হয়েছে—এসব শুনতে থাকলে পাগল হয়ে যেতে হবে।’
ফাইনালের পর স্প্যানিশ খেলোয়াড়দের সঙ্গে বিতর্কে জড়ানো এই মিডফিল্ডার বলেন, ‘আমরা দুর্দান্ত একটি বিশ্বকাপ খেলেছি। ফাইনালে স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে। তারাই যোগ্য চ্যাম্পিয়ন। গত আট বছরে আমরা যা অর্জন করেছি, এখন সেটি উপভোগ করার সময়। এটি ছিল অসাধারণ একটি অধ্যায়। এর অংশ হতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতে হয়তো সবকিছু আরও গভীরভাবে উপলব্ধি করতে পারব।’
বিশ্বকাপ ফাইনালে হারের কষ্ট কাটিয়ে উঠতে সময় লাগবে বলেও জানান পারেদেস। তিনি বলেন, ‘এই যন্ত্রণা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। আমরা বড় একটি অর্জন করেছি, তবে বিশ্বকাপ ফাইনালের হার দীর্ঘদিন মনে থাকবে, কারণ আমরা আবারও খুব কাছাকাছি গিয়েছিলাম। তারপরও আমাদের অর্জনগুলো উপভোগ করতে হবে।’
আর্জেন্টিনার হয়ে দীর্ঘ সময় ধরে ধারাবাহিকতা ধরে রাখা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। পারেদেস বলেন, ‘এত দীর্ঘ সময় ধরে যে মান ধরে রেখেছি, সেটি সহজ নয়। ফাইনাল হারলেও মানুষ আমাদের সঙ্গে নিজেদের মিল খুঁজে পেয়েছে। এটি আমাদের জন্য অনেক তৃপ্তির।’
এরপর লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে পারেদেস জানান, বিষয়টি নিয়ে সবাইকে ভাবতে হবে। তিনি বলেন, ‘অনেকেরই এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা চালিয়ে যাবে কি না। এটি ছিল অসাধারণ একটি যাত্রা। আমরা গুরুত্বপূর্ণ অনেক কিছু অর্জন করেছি। এই মান ধরে রাখা কঠিন হবে। দলকে একইভাবে এগিয়ে নিতে হলে অনেক বিষয় বিবেচনা করতে হবে।’
নিজের ভবিষ্যৎ নিয়েও নিশ্চিত নন বলে জানান পারেদেস। তিনি বলেন, ‘আমিও জানি না। এটি একটি প্রক্রিয়া। আগে সবকিছু হজম করতে হবে, ভালোভাবে ভাবতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে।’
ভোরের আকাশ/সু.পা