যে কারণে জাতীয় ক্রিকেট লিগের সূচিতে পরিবর্তন

জাতীয় দলের টেস্ট ক্রিকেটারদের অতিরিক্ত একদিন বিশ্রামের সুযোগ (রিকভারি টাইম) করে দিতে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০২৬-২৭ মৌসুমের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। ১৭ থেকে ২০ অক্টোবর হওয়ার কথা থাকা তৃতীয় রাউন্ড এখন মাঠে গড়াবে ১৮ থেকে ২১ অক্টোবর।
বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, জাতীয় দলের টেস্ট ক্রিকেটারদের অতিরিক্ত একদিন বিশ্রামের সুযোগ করে দিতেই সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। এর ফলে তৃতীয় রাউন্ডে খেলার আগে একদিন বাড়তি বিশ্রাম পাবেন জাতীয় দলের খেলোয়াড়রা।
এছাড়া তৃতীয় ও চতুর্থ রাউন্ডের মধ্যকার বিরতি একদিন কমিয়ে আনা হয়েছে। ফলে চতুর্থ রাউন্ডের সূচিতে কোনো পরিবর্তন আসেনি। আগের সূচি অনুযায়ীই ২৪ থেকে ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে এনসিএলের চতুর্থ রাউন্ড।
আগামী ৯ অক্টোবর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ইতিমধ্যে টেস্ট স্কোয়াডের সদস্যরা আরব আমিরাতে পৌছেছেন। এশিয়ান গেমসে অংশ নেওয়া ক্রিকেটাররা জাপান থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দিবেন।
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের পর একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে টাইগাররা। তবে ১৩ অক্টোবর টেস্ট শেষ হওয়ার পর জাতীয় দলের যেসব ক্রিকেটার ওয়ানডে দলে নেই তারা দেশে ফিরে জাতীয় ক্রিকেট লিগে অংশ নিবেন।
ভোরের আকাশ/আ.র