আলভারেজের আশা ছেড়ে বিকল্প স্ট্রাইকার খুঁজছে বার্সা

অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে মরিয়া ছিল বার্সেলোনা। তবে এবারের দলবদলে সেই আশা অনেকটাই ছেড়ে দিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগে এখন বিকল্প স্ট্রাইকার খুঁজছে বার্সা। সেই তালিকায় আছেন ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজও।
তবে আলভারেজের প্রতি আগ্রহ পুরোপুরি শেষ হয়ে যায়নি বার্সেলোনার। ইএসপিএনের এক প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়েছে, ভবিষ্যতে এমনকি জানুয়ারির সংক্ষিপ্ত দলবদলেও আলভারেজকে দলে আনার চেষ্টা করতে পারে কাতালান ক্লাবটি। কিন্তু অ্যাতলেটিকো মাদ্রিদের অনড় অবস্থানের কারণে আপাতত বিকল্প খেলোয়াড় খুঁজছেন বার্সার ক্রীড়া পরিচালক দেকো।
আলভারেজকে নিয়ে চলতি গ্রীষ্মে বার্সেলোনা প্রায় ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল বলে জানা গেছে। তবে সেটি প্রত্যাখ্যান করে অ্যাতলেটিকো। ম্যানচেস্টার সিটির সাবেক এই ফরোয়ার্ড প্রকাশ্যেই ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। বার্সেলোনার আশা ছিল, তার ওই অবস্থানের কারণে অ্যাতলেটিকোর মনোভাব কিছুটা নরম হতে পারে। কিন্তু ক্লাবটি শুরু থেকেই আলভারেজকে ছাড়ার বিষয়ে অনড়।
সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, শেষ মুহূর্তে বড় কোনো পরিবর্তন না হলে চলতি মাসে আলভারেজকে বার্সেলোনায় নেওয়ার সম্ভাবনা নেই। তাই দেকোকে এখন অন্য বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে। বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকও একজন স্বীকৃত ‘নম্বর নাইন’ চান। রবার্ট লেভানডফস্কি ও ফেররান তোরেসের বিদায়ের পর আক্রমণভাগে একজন স্ট্রাইকারের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তিনি।
বুধবার ফ্লিক বলেন, ‘আমরা ওই খেলোয়াড়টির (স্ট্রাইকার) খোঁজ করছি এবং দেকো দারুণ কাজ করছে।’তবে ক্লাবের অন্য কর্মকর্তাদের কেউ কেউ মনে করছেন, নতুন স্ট্রাইকার না এলেও বর্তমান স্কোয়াডে যথেষ্ট বিকল্প রয়েছে। দেকোও বলেছেন, ফেররান তোরেসের জায়গা পূরণের মতো খেলোয়াড় দলে রয়েছে। তবে লেভানডফস্কির মতো একজনকে প্রতিস্থাপন করা কঠিন।
দেকো বলেন, ‘আমরা আক্রমণভাগে দুজন খেলোয়াড়কে হারিয়েছি—লেভি ও ফেররান। আমার মনে হয়, যেসব খেলোয়াড় আমরা দলে এনেছি, তাদের মাধ্যমে ফেররানের জায়গা পূরণের সমাধান আমাদের আছে। কিন্তু রবার্টকে প্রতিস্থাপন করা অনেক বেশি কঠিন। তার মতো একজন খেলোয়াড়কে বদলি করা সত্যিই কঠিন।’
তিনি আরও বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ কিছু সমাধান আছে। তবে বাজারে কী পাওয়া যাচ্ছে, সেটাও দেখতে হবে। অনেক গুঞ্জন চলছে। আমার মনে হয় আরও কিছু পরিবর্তন হবে। আমরা এখনও কঠোর পরিশ্রম করছি।’
বর্তমান স্কোয়াডে রাফিনিয়া, করিম আদেয়েমি, অ্যান্থনি গর্ডন এবং লামিনে ইয়ামালকে প্রয়োজনে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে খেলানো যেতে পারে। ফারমিন লোপেজ ও দানি ওলমোকেও অতীতে ‘ফলস নাইন’ হিসেবে খেলানো হয়েছে।
প্রাক-মৌসুমে বার্সার স্কোয়াডে একমাত্র স্বাভাবিক স্ট্রাইকার হিসেবে আছেন ১৮ বছর বয়সী মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। বুধবার (১৮ আগস্ট) জোয়ান গাম্পার ট্রফিতে আল আহলির বিপক্ষে বার্সার জয়ে গোল করেছেন তিনি। প্রাক-মৌসুমে এটি ছিল তার চতুর্থ গোল।
এদিকে চলতি গ্রীষ্মে চেলসির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো এবং বোর্নমাউথের ফরাসি তরুণ জুনিয়র কুপ্রির বিষয়েও খোঁজ নিয়েছিল বার্সেলোনা। তবে পেদ্রো চেলসির সঙ্গে নতুন চুক্তি করেছেন। আর পায়ের চোটে কুপ্রি প্রায় চার মাস মাঠের বাইরে থাকতে পারেন।
সাম্প্রতিক সময়ে ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ ও স্পোর্টিং সিপির লুইস সুয়ারেজের নামও বার্সেলোনার সঙ্গে জড়িয়েছে। তবে দুজনের ক্ষেত্রেই সম্ভাব্য ট্রান্সফার ফি বার্সার আর্থিক সামর্থ্যের বাইরে বলে জানা গেছে। ভিয়ারিয়ালের আয়োজে পেরেজ ও জর্জেস মিকাউতাদজের পারফরম্যান্স ও পরিসংখ্যানও বার্সার নজর কেড়েছে।
ভোরের আকাশ/সু.পা