মরক্কান মুসলিমকে বিয়ে, ইসলাম গ্রহণের খবর নাকচ কার্লোসের

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তুরস্কের সরকারি দল একে পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি পোস্ট এবং কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনের পর বিষয়টি আরও আলোচনায় আসে। তবে প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুলে কার্লোস জানিয়েছেন, তার ইসলাম গ্রহণের খবরটি সত্য নয়।
সৌদি আরবের সংবাদমাধ্যম ‘ওকাজ’কে দেওয়া সাক্ষাৎকারে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা বলেন, ইসলামের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। তবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। কার্লোস বলেন, ‘ইসলামের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে এবং (তাদের রীতি মেনে) আমার স্ত্রীকে প্রার্থনা করতে দেখাটা সত্যিই চমৎকার। তবে আমার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা সত্য নয়।’
তবে মরক্কান মুসলিম নারী সুহাইলা এল তাহিরিকে বিয়ে করার বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তাহিরি ফিফার লাইসেন্সধারী খেলোয়াড় এজেন্ট। ফুটবলারদের পেশাগত ক্যারিয়ার ব্যবস্থাপনা ও ফুটবল-সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের সঙ্গে তিনি যুক্ত।
গণমাধ্যমের খবর অনুযায়ী, কার্লোস ও তাহিরির পরিচয় শুরুতে পেশাগত সম্পর্কের মধ্য দিয়ে হলেও পরে তা ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়। গত ২৫ জুলাই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
তাদের বিয়ের কিছু ছবি গত ১৭ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিয়েটি সাম্প্রতিক কোনো ঘটনা নয়। চলতি বছরের জানুয়ারিতেই তাদের সম্পর্ক ও বিয়ের খবর প্রকাশ্যে আসে।
বিয়ের আনুষ্ঠানিকতা প্রসঙ্গে কার্লোস জানান, দুই পরিবারের ধর্মীয় বিশ্বাসকে গুরুত্ব দিয়ে একাধিক পদ্ধতিতে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। তার পরিবারের সদস্যরা ক্যাথলিক হওয়ায় তাদের ধর্মীয় রীতি অনুযায়ী একটি অনুষ্ঠান করা হয়। পাশাপাশি স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের জন্য উপযোগী আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কার্লোস বলেন, ‘অনুষ্ঠানটি একাধিক পদ্ধতিতে আয়োজন করা হয়েছিল। পরিবারের সদস্যরা ক্যাথলিক হওয়ায় তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি আমার স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের জন্য উপযুক্ত আরেকটি অনুষ্ঠানের আয়োজন করতেও আমরা আগ্রহী ছিলাম।’
এর আগে তুরস্কের একে পার্টির সংসদ সদস্য আলি শাহিনের এক্স (সাবেক টুইটার) পোস্টকে কেন্দ্র করেই কার্লোসের ইসলাম গ্রহণের দাবি ছড়িয়ে পড়ে।
নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে দেওয়া পোস্টে শাহিন দাবি করেন, ব্রাজিলের সাও পাওলোতে বসবাসরত এবং ইসলামি বিশ্বের অন্যতম প্রভাবশালী ৫০০ ব্যক্তিত্বের তালিকায় থাকা শেখ জিহাদ হাম্মাদেহর সঙ্গে তারা ‘ব্রাজিলিয়ান ইসলামিক ফিলানথ্রপিক ইয়ুথ ইউনিয়ন’-এ সাক্ষাৎ করেছেন। সেখানে শেখ জিহাদ তাকে একটি ‘সুখবর’ দিয়েছেন বলেও দাবি করেন শাহিন।
শাহিনের দাবি ছিল, রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে শেখ জিহাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং চার সপ্তাহ আগে তার সঙ্গে সাক্ষাৎ করে ‘শাহাদাহ’ পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে কার্লোসের সরাসরি বক্তব্যে সেই দাবি নাকচ হয়ে গেল। একই সঙ্গে মরক্কান মুসলিম তাহিরিকে বিয়ে করার বিষয়টি নিশ্চিত করে তিনি জানিয়েছেন, স্ত্রীর ধর্মীয় বিশ্বাসের প্রতি তার সম্মান রয়েছে।
ভোরের আকাশ/সু.পা