সৌদি ফুটবল ছাড়তে প্রস্তুত রোনালদো

বিদায়লগ্নে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি ফুটবল ক্যারিয়ার। আল নাসর ও সৌদি প্রো লিগকে ঘিরে সাম্প্রতিক নাটক ক্রমেই ঘনীভূত হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দাবি পূরণ না হলে সৌদি আরব ছেড়ে দেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা।
রিয়াদ ক্লাবের বিপক্ষে আল নাসরের ম্যাচে স্কোয়াডে না থেকে নিজের অসন্তোষ স্পষ্ট করেন রোনালদো। এটি কোনো চোট বা শারীরিক সমস্যার কারণে নয়, বরং ছিল সচেতন প্রতিবাদ। তার অভিযোগ, সৌদি ট্রান্সফার বাজারে আল হিলালকে শক্তিশালী করতে বড় পদক্ষেপ নেওয়া হলেও আল নাসরের ক্ষেত্রে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
সিবিএস স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদো ইতোমধ্যে সৌদি ফুটবল কর্তৃপক্ষকে সতর্ক করেছেন। বর্তমান পরিস্থিতির সমাধান না হলে তিনি শুধু আল নাসর নয়, পুরো সৌদি প্রো লিগ ছাড়তেও প্রস্তুত। এমন সিদ্ধান্ত সৌদি লিগের ভাবমূর্তি ও বিপণনের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।
এর আগে ধারণা করা হয়েছিল, অনুশীলনে ফেরার মধ্য দিয়ে রোনালদোর অসন্তোষ প্রশমিত হবে। সৌদি কর্মকর্তারাও সেটাই ভেবেছিলেন। তবে বাস্তবে তার মনোভাব বদলায়নি। অনুশীলনে উপস্থিত থাকলেও ক্ষোভ রয়ে গেছে আগের মতোই।
প্রতিবেদন অনুযায়ী, রোনালদো নিজেকে ‘বিশ্বাসঘাতকতার শিকার’ মনে করছেন। আল নাসরের ভবিষ্যৎ ক্রীড়া পরিকল্পনা ও দিকনির্দেশনা নিয়ে তিনি কোনো স্পষ্ট নিশ্চয়তা পাচ্ছেন না বলেই অভিযোগ। এই অনিশ্চয়তা দূর না হলে সৌদিতে থাকার অর্থ দেখছেন না তিনি।
বর্তমান চুক্তি অনুযায়ী, রোনালদোর প্রায় ৫৮ মিলিয়ন মার্কিন ডলারের একটি রিলিজ ক্লজ রয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ হলে তিনি চুক্তি ভেঙে ক্লাব ছাড়তে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, সৌদি প্রো লিগে খেলার পরও এখনো কোনো বড় শিরোপার স্বাদ পাননি তিনি। ব্যক্তিগত পারফরম্যান্সে ধারাবাহিকতা থাকলেও দলগত সাফল্য না পাওয়ায় হতাশা আরও গভীর হয়েছে।
ভোরের আকাশ/তা.কা