সাবেক আফগান পেসার শাপুর জাদরানের মৃত্যু

আফগানিস্তান ক্রিকেটের শুরুর সময়ের অন্যতম পরিচিত মুখ ডানহাতি পেসার শাপুর জাদরান আর নেই। বিরল ও প্রাণঘাতী রোগের সঙ্গে প্রায় দুই বছর লড়াই করার পর মঙ্গলবার (৭ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।
শাপুর জাদরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ও আফগানিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার দৌলত জাদরান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, “আমার প্রিয় বন্ধু ও ভাই শাপুর জাদরানের মৃত্যুতে আমি ভেঙে পড়েছি। এই ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো নয়।”
সাবেক এই পেসারের মৃত্যুতে আফগানিস্তানের ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির ক্রিকেট বোর্ডের পাশাপাশি সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও শাপুর জাদরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
জানা গেছে, শাপুর জাদরান ‘হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস’ (এইচএলএইচ) নামের একটি বিরল ও প্রাণঘাতী রোগে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি থেকে ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
চিকিৎসায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তবে পরে আবারও অবস্থার অবনতি হলে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান আফগানিস্তানের এই সাবেক পেসার।
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শাপুর জাদরানের। আফগানিস্তানের ক্রিকেটের উত্থানের সময় জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। দেশের হয়ে ৮০টি উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার। ২০২০ সালে আফগানিস্তানের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশ সফর ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এও খেলেছেন শাপুর জাদরান। তার মৃত্যুতে আফগান ক্রিকেট হারাল শুরুর সময়ের এক গুরুত্বপূর্ণ যোদ্ধাকে।
ভোরের আকাশ/সু.পা