শরিফুলের সুইংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়ান অধিনায়ক কামিন্স

ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি শরিফুল ইসলাম। তবে দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিয়ে একাদশে জায়গা পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই বাঁহাতি পেসার। প্রথম ইনিংসেই অস্ট্রেলিয়ার সাত ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি।
শরিফুলের দুর্দান্ত বোলিং নজর কেড়েছে অস্ট্রেলিয়া দলেরও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই পেসারকে আলাদাভাবে প্রশংসা করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। কামিন্স বলেন, ‘হ্যাঁ, সে (শরিফুল) অনেক ভালো বল করেছে। কিছু রানও করেছে। দারুণ সুইং করিয়েছে। এখানে বাতাসও ছিল। সব মিলিয়ে তার বোলিং দারুণ ছিল।’
বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন নিয়েও কথা বলেন কামিন্স। তিনি বলেন, ‘আসলে যখন রান পাচ্ছেন, তখন আপনার স্টাইল, মেথড—এসব নিয়ে সচেতন থাকতে হবে। আগের সপ্তাহের কথা বলতে গেলে, বাংলাদেশ তাদের টেম্পো অনুযায়ী না খেলে কিছুটা ধীরগতিতে খেলেছে। তারা অনেক বেশি ধৈর্যশীল ছিল।’
তিনি আরও বলেন, ‘সবসময় মারতেই হবে, এমন নয়। কন্ডিশন মাঝেমধ্যে আপনার চরম পরীক্ষা নেবে। ব্যাটাররা অনেক সময় মেরে রান বের করার বা স্ট্রাইক রোটেট করার সুযোগ নিতে চায়। তখন ভুল করার সুযোগ অনেক কমে যায়। মিস করার সম্ভাবনাও বেড়ে যায়।’
বাংলাদেশের বোলিং নিয়েও প্রশংসা করেন কামিন্স। তিনি বলেন, ‘আসলে সঠিকভাবে জানি না। আজকে বেশ ভালো বোলিং হয়েছে। উইকেটটি ব্যাটিংয়ের জন্য ভালো হলেও বেশ ফাস্ট ও বাউন্সি ছিল। যেটা তাদের হোম কন্ডিশনের চেয়ে অনেকটাই ভিন্ন। ফলে দুই কারণই—বাজে শট এবং উইকেট—সম্ভবত এখানে কাজ করেছে।’
ভোরের আকাশ/সু.পা