পরিসংখ্যানের বিচারে বিশ্বকাপের সেরা মেসি : আইএফএফএইচএস

ফিফার গোল্ডেন বল না পেলেও ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে নির্বাচিত করেছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (আইএফএফএইচএস)। সংস্থাটি জানিয়েছে, পারফরম্যান্সভিত্তিক নিজস্ব সূচকের ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা। টুর্নামেন্ট শেষে ফিফার গোল্ডেন বল জেতেন স্পেন অধিনায়ক রদ্রি। তবে আইএফএফএইচএসের মূল্যায়নে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
আইএফএফএইচএস জানিয়েছে, তাদের পারফরম্যান্স ইনডেক্স অনুযায়ী টুর্নামেন্টজুড়ে একজন খেলোয়াড়ের ম্যাচ রেটিং, গোল, অ্যাসিস্ট, নকআউট পর্বে অবদান এবং দলের অগ্রগতিসহ বিভিন্ন সূচক বিশ্লেষণ করে এই স্বীকৃতি দেওয়া হয়। ২০২৬ বিশ্বকাপের প্রতিটি ম্যাচের তথ্য বিশ্লেষণ করেই কারিগরি প্যানেল এই সিদ্ধান্তে পৌঁছেছে।
সংস্থাটির প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বকাপে মেসি সাত ম্যাচে আট গোল এবং চারটি অ্যাসিস্ট করেছেন। পুরো টুর্নামেন্টে তার গড় ম্যাচ রেটিং ছিল ৮.৩৩, যা পারফরম্যান্স সূচকে তাকে সবার ওপরে স্থান দিয়েছে।
আইএফএফএইচএসের মূল্যায়নে বিশেষ গুরুত্ব পেয়েছে নকআউট পর্বের পারফরম্যান্স। সংস্থাটির মতে, নকআউট ম্যাচে চাপের মুহূর্তে দলের সাফল্যে একজন খেলোয়াড়ের অবদানই তার প্রকৃত মূল্যায়নের অন্যতম মানদণ্ড। সেই বিবেচনায় আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথে মেসির ভূমিকা ছিল সবচেয়ে প্রভাবশালী।
আইএফএফএইচএস আরও জানিয়েছে, কোনো ব্যক্তিগত পরিচিতি বা আবেগ নয়; বরং শতভাগ তথ্য-উপাত্ত, পরিসংখ্যান এবং পারফরম্যান্স বিশ্লেষণের ভিত্তিতেই মেসিকে ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা