বাংলাদেশ আমাদের ভয় পাইয়ে দিয়েছিল : ক্রিস গেইল

লিজেন্ডসদের চলমান বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে শেষ ওভারে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২১৮ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটের জয় তুলে নেয় ক্যারিবীয়রা। তবে ম্যাচে জয় পেলেও বাংলাদেশের লড়াইয়ের প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। তাঁর মতে, বাংলাদেশ দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল।
প্রথমে ব্যাট করতে নেমে রনি তালুকদারের ৯৬ রানের ইনিংসে ৪ উইকেটে ২১৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে চ্যাডউইক ওয়ালটন ও গেইলের ব্যাটে জয়ের ভিত পায় ওয়েস্ট ইন্ডিজ। গেইল ২৫ বলে ৫৬ রান করেন। অন্যদিকে ওয়ালটন ৪৩ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় ৯০ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ক্যারিবীয় দল।
ম্যাচ শেষে গেইল বলেন, বাংলাদেশের বিপক্ষে লড়াইটা মোটেও সহজ ছিল না। এমন উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দেওয়ায় দুই দলকেই কৃতিত্ব দেন তিনি।
গেইল বলেন, ‘আমি বলব না যে আমরা বাংলাদেশকে শাসন করতে পেরেছি। ২১৯ রান করতে বাংলাদেশ সত্যিই খুব ভালো ক্রিকেট খেলেছে। এটা অসাধারণ। বাংলাদেশ দলের হয়ে রনি তালুকদার ভালো ব্যাটিং করেছেন, আর অধিনায়ক মাহমুদউল্লাহও খুব ভালো ব্যাটিং করেছেন। তারা আমাদের কিছুটা ভয় পাইয়ে দিয়েছিল।’
নিজেদের রান তাড়ার পরিকল্পনা তুলে ধরে গেইল আরও বলেন, ‘২০০ রান তাড়া করতে আমাদের একটি ভালো শুরু দরকার ছিল। আমি ও লেন্ডল একরকম ভিত্তিটা গড়ে দিয়েছিলাম। এরপর চ্যাডউইক ওয়ালটন এসে আমাদের জন্য ইনিংসটি শেষ করে দিয়েছে।’
বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করার পাশাপাশি দলের জয়ে ওয়ালটনের অবদানের কথাও তুলে ধরেন গেইল। তাঁর মতে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ভালো শুরু ও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়াই ছিল ওয়েস্ট ইন্ডিজের জয়ের অন্যতম চাবিকাঠি।
ভোরের আকাশ/সু.পা