পর্যটক ও বিনিয়োগকারীদের জন্য ভিসা সুবিধা বাড়াল আমিরাত

ভিসানীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। এর ফলে দেশটিতে ভিসা পাওয়া আগের চেয়ে সহজ হবে বলে আশা করা হচ্ছে। ভ্রমণকারীদের আকৃষ্ট করা এবং ভিসা প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার (৪ জুলাই) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, অন-অ্যারাইভাল ভিসার সুবিধা সম্প্রসারণ থেকে শুরু করে সম্পত্তির মালিকানাভিত্তিক রেসিডেন্সি ভিসার নিয়ম হালনাগাদ—২০২৬ সালে আমিরাতে প্রবেশ ও বসবাসসংক্রান্ত নীতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।
অন-অ্যারাইভাল ভিসা
সংযুক্ত আরব আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তাবিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ (ICP) ছয়টি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা প্রক্রিয়া আরও সহজ করেছে। এর ফলে এসব দেশের নাগরিকরা ১৪ ও ৬০ দিনের ভিসা সহজেই পাবেন।
আগে এই সুবিধা মূলত ভারতীয় নাগরিকদের জন্য সীমিত ছিল। এখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও এ সুবিধার আওতায় আসবেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নাগরিকদের পাশাপাশি সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার নাগরিকরাও এই সুবিধা পাবেন।
৪৮ ঘণ্টায় ট্যুরিস্ট ভিসা
প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে পর্যটকরা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দুবাইয়ের একবার প্রবেশের ট্যুরিস্ট ভিসা পাবেন। গত মাসে দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (GDRFA) জানায়, অনুমোদিত পর্যটন প্রতিষ্ঠানের মাধ্যমে এই ভিসার আবেদন করা যাবে। ভিসার মেয়াদ হবে ৩০ থেকে ৬০ দিন।
রেসিডেন্সি ভিসা
বিনিয়োগকারীদের জন্য দুই বছর মেয়াদি রেসিডেন্সি ভিসার নিয়মও হালনাগাদ করা হয়েছে। আগে ব্যক্তিগত বিনিয়োগকারীদের জন্য অন্তত ৭ লাখ ৫০ হাজার দিরহাম মূল্যের সম্পত্তি থাকা বাধ্যতামূলক ছিল। নতুন নিয়মে সেই শর্ত শিথিল করা হয়েছে।
তবে এখন আবেদনকারীর নামে একক মালিকানাধীন সম্পত্তি থাকতে হবে। যৌথ মালিকানার ক্ষেত্রে আবেদনকারীর অংশের সম্পদের মূল্য কমপক্ষে ৪ লাখ দিরহাম হতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩০ লাখ টাকার বেশি।
অবৈধ অবস্থানের জরিমানা মওকুফ
আঞ্চলিক আকাশসীমা বন্ধ এবং ফ্লাইট বিঘ্নিত হওয়ায় যেসব দর্শনার্থী নির্ধারিত সময়ের বেশি আমিরাতে অবস্থান করেছেন, তাদের জন্য ৩০ দিনের জরিমানা মওকুফ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যতিক্রমী পরিস্থিতির অবসান হওয়ায় সংশ্লিষ্টদের ৯ জুলাইয়ের মধ্যে আবেদন করে অবস্থান নিয়মিত করতে হবে। অন্যথায় নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগ করতে হবে।
দুবাই স্মার্ট মেডিকেল ভিসা
চিকিৎসার উদ্দেশ্যে ভ্রমণকারীদের জন্য স্মার্ট মেডিকেল ভিসা চালুর উদ্যোগ নিয়েছে আমিরাত। এ বিষয়ে দুবাইয়ের GDRFA এবং দুবাই হেলথ অথরিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে রোগীরা ভিসা, চিকিৎসা ও পরবর্তী সেবা—সবকিছু একটি সমন্বিত ব্যবস্থার আওতায় পাবেন।
ইবোলা-আক্রান্ত দেশগুলোর ভিসা স্থগিত
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। ইবোলা ভাইরাসের বিস্তার রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NCEMA) এবং ICP জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্র: খালিজ টাইমস
ভোরের আকাশ/সু.পা