আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তামিম

বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে ‘ওয়ার্ল্ড ক্লাব টি-টোয়েন্টি’ আয়োজনের পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই টুর্নামেন্টের পরিকল্পনা ও তদারকির দায়িত্বে থাকা নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।
বুধবার (১৫ জুলাই) এক বিবৃতিতে আইসিসি তামিমকে ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন দায়িত্বে তামিমের সঙ্গে কমিটিতে কাজ করবেন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নামিবিয়ার ক্রিকেট প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। তামিমের নেতৃত্বাধীন কমিটিতে রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া, ক্রিকেট নামিবিয়ার ডা. রুডি ভন ভুরেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ।
আইসিসির সভায় কানাডা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ফ্রান্সের সদস্যপদ-সংক্রান্ত বিভিন্ন বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে আইসিসি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতিকে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর পরিচালক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।’
অন্যদিকে, শ্রীলঙ্কা ক্রিকেটকে দ্রুত নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠনের আহ্বান জানিয়েছে আইসিসি। ততদিন পর্যন্ত আইসিসি বোর্ডের সভায় প্রতিনিধিত্ব করতে পারবে না শ্রীলঙ্কা ক্রিকেট।
এ ছাড়া সদস্যপদ-সংক্রান্ত মানদণ্ড লঙ্ঘনের অভিযোগে ফ্রান্স ক্রিকেটকে ‘অন নোটিশ’ বা সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আর স্থগিত থাকা কানাডার সদস্যপদ পুনর্বহালের জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণের নির্দেশ দিয়েছে আইসিসি।
সভায় আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে আর্থিক সংকটে থাকা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে ১২ দশমিক ৮২ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫০ কোটিরও বেশি।
ভোরের আকাশ/সু.পা