প্রথম টি-টোয়েন্টি বড় সংগ্রহের ইঙ্গিত জিম্বাবুয়ের

ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে জিম্বাবুয়ে। সংক্ষিপ্ত এই সংস্করণেও বাংলাদেশের বোলারদের ওপর শুরু থেকেই চাপ তৈরি করেছে স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ১১৮ রান।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম তিন ওভারেই ৩৮ রান তুলে দারুণ সূচনা করেন দুই ওপেনার। তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মেহেদী হাসানকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপে ফেলে দেন তারা।
বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাহিদ রানা। নিজের প্রথম ওভারেই মাত্র ১ রান খরচায় ৯ বলে ১৪ রান করা মারুমানিকে ফিরিয়ে দেন এই গতিতারকা। এর আগে মেহেদী ও নাসুমের দুটি ওভারে যথাক্রমে ১৬ ও ১৫ রান তুলেছিল জিম্বাবুয়ে। নাহিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিছুটা স্বস্তি ফেরে বাংলাদেশের শিবিরে।
পাওয়ার প্লে শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৫৪ রান। ঝড়ো শুরুর পর প্রথম উইকেট হারিয়ে কিছুটা ধীর হয় তাদের রান তোলার গতি। এরপর দ্বিতীয় সাফল্য এনে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার বলে ক্যাচ দিয়ে ২০ বলে ২০ রান করে ফেরেন মায়ার্স। ৯ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ২ উইকেটে ৭৬ রান।
এরপর দারুণ খেলতে থাকা ব্রায়ান বেনেটকে থামান নাহিদ রানা। নিজের দ্বিতীয় শিকার বানিয়ে ৩০ বলে ৪৪ রানে তাকে সাজঘরে ফেরান এই পেসার। ফলে অর্ধশতক থেকে বঞ্চিত হন বেনেট।
ভোরের আকাশ/সু.পা