গাড়ি দুর্ঘটনার শিকার হাল সিটির সরবা থমাস

হাল সিটির উইঙ্গার সরবা থমাস শুক্রবার (১১ সেপ্টেম্বর) গাড়ি উল্টে দুর্ঘটনায় পড়েন। সকালের ব্যস্ত সময়ে ক্লাবের কাছেই হঠাৎ উল্টে যায় তার গাড়ি। সামাজিক যোগাযোগমাধ্যমে উল্টে পড়া গাড়ির ছবি ছড়িয়ে পড়ে। গাড়িটির বিশেষ নম্বরপ্লেটও চোখে পড়ছিল ছবিতে। তবে গাড়ির চালকের আসনে থাকা হাল সিটির এই তারকা কোনো আঘাত পাননি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, স্থানীয় সময় শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ক্লাবটির কটিংহ্যাম অনুশীলন মাঠের কাছেই দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে উল্টে থাকা গাড়ির ছবি ছড়িয়ে পড়ে। হাল সিটির কোচ সের্গেই জাকিরোভিচকেও ঘটনাস্থলে দেখা যায়।
ক্লাব জানিয়েছে, ‘সম্পূর্ণ অক্ষত’ অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে এসেছেন এই উইঙ্গার। শনিবার (১২ সেপ্টেম্বর) চেলসির বিপক্ষে ম্যাচের জন্য দলের সঙ্গে তার ভ্রমণেও কোনো সমস্যা নেই।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সরবার গাড়ির ছবি ছড়িয়ে পড়ার বিষয়টি ক্লাবের নজরে এসেছে। সমর্থকদের আমরা আশ্বস্ত করতে চাই, তিনি কোনো চোট পাননি এবং সম্পূর্ণ অক্ষত অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে এসেছেন।’
স্টোক সিটি থেকে দলবদলের শেষ দিনে হালে যোগ দিয়েছেন থমাস। গত সপ্তাহে অ্যাস্টন ভিলার বিপক্ষে ড্র ম্যাচ দিয়ে নতুন ক্লাবে অভিষেকও হয়েছে তার। দুর্ঘটনার ঠিক আগের দিন, বৃহস্পতিবার, এই উইঙ্গারের প্রশংসাই করেছিলেন কোচ জাকিরোভিচ।
দুর্ঘটনার ধাক্কা সামলে এখন অবশ্য ম্যাচের প্রস্তুতিতেই মনোযোগ থমাসের। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগে ফিরবে হাল সিটি।
ভোরের আকাশ/সু.পা