বৃষ্টির বাধায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ ইমার্জিং দল

বৃষ্টির বাধায় ভেস্তে গেল বাংলাদেশ ইমার্জিং (এইচপি) ও জিম্বাবুয়ে ‘এ’ দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। বগুড়ায় নির্ধারিত এই ম্যাচটি এক বলও মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে এই ম্যাচ থেকে সিরিজে কোনো ফল আসেনি।
আজ বুধবার সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘ অপেক্ষার পর দুপুর সোয়া একটার দিকে ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।
এর ফলে তিন ম্যাচের সিরিজে এখনো ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ জিতলে সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা। অন্যদিকে জিম্বাবুয়ে ‘এ’ দল হারিয়েছে সিরিজে সমতা আনার সুযোগ।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পায় বাংলাদেশ ইমার্জিং দল। ওই ম্যাচে সেঞ্চুরি করেন জাকির হাসান, যিনি ৯৭ বলে ১১৯ রানের ইনিংস খেলেন। ৭০ রান করেন ইফতেখার হোসেন ইফতি এবং ১৮ বলে ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সামিউন বসির রাতুল।
জবাবে ওয়েসলি মাধেভেরের সেঞ্চুরির পরও ৮৫ রানের বড় ব্যবধানে হারে জিম্বাবুয়ে ‘এ’ দল। ৯৩ বলে ১১৬ রান করে একাই লড়াই করেন মাধেভেরে। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন রাতুল ও রোহান দৌলা বর্ষণ।
ভোরের আকাশ/সু.পা