অবিশ্বাস্য ফ্রি-কিকে মেসির গোল, তবু হারল মায়ামি

ফ্রি-কিক থেকে গোল করা যেন লিওনেল মেসির অভ্যাসে পরিণত হয়েছে। তবে রোববার কলম্বাস ক্রুর বিপক্ষে এমন এক কোণ থেকে ফ্রি-কিক নিলেন আর্জেন্টাইন মহাতারকা, যেখান থেকে গোল করা ছিল প্রায় অসম্ভব।
কিন্তু মেসির বাঁ পায়ের জাদুতে বল ঠিকই জালে জড়ায়। চলতি মৌসুমে এটি তার ২১তম ও ক্যারিয়ারের ৯৩১তম গোল। তবে মেসির সেই গোলও দলকে হার থেকে বাঁচাতে পারেনি। শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হেরেছে ইন্টার মায়ামি।
ম্যাচের ২৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে কলম্বাস ক্রুকে এগিয়ে দেন জোসেফ মার্তিনেজ। এর পাঁচ মিনিট পর ডান প্রান্তরেখা থেকে প্রায় ৭ গজ দূরত্বে ফ্রি-কিক পায় মায়ামি। সেখান থেকে বাঁকানো শটে গোলরক্ষক প্যাট্রিক শুল্টের বাড়িয়ে দেওয়া হাতের ওপর দিয়ে বল জালে পাঠান মেসি। ক্রসবারের নিচ দিয়ে পেছনের পোস্ট ঘেঁষে সাইড-নেটে জড়ানো বলটি মায়ামিকে সমতায় ফেরায়। প্রথমার্ধে মায়ামির একমাত্র শটও ছিল সেটি।
দ্বিতীয়ার্ধে আরও দুটি শট পোস্টে রাখলেও গোল করতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৬২তম মিনিটে তার একটি শট থেকে গোল হওয়ার সম্ভাবনা তৈরি হলেও তা আটকে দেন শুল্টে। কিছুক্ষণ পর ডেভিড আয়ালার গোলে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল মায়ামির। তবে সূক্ষ্ম অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
অন্যদিকে পুরো ম্যাচে দাপট দেখিয়েছে কলম্বাস। তারা মোট ১৪টি শট নেয়, বিপরীতে মায়ামির শট ছিল পাঁচটি। এর মধ্যে কলম্বাসের সাতটি শট লক্ষ্যে ছিল, আর মায়ামির তিনটি। মায়ামির গোলরক্ষক চারটি সেভ করলেও যোগ করা সময়ের নবম মিনিটে জামাল তিয়ারের শট ঠেকাতে পারেননি। তাতেই ২-১ ব্যবধানে জয় পায় কলম্বাস।
এর দুই মিনিট আগে তিন মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সান্তিয়াগো মোরালেস। ফলে ম্যাচের শেষটা ১০ জন নিয়ে খেলতে হয় মায়ামিকে।
শেষ ১০ ম্যাচে মাত্র একটি জয় পাওয়া মায়ামির চলতি মৌসুমে এটি দ্বিতীয় হার। এই হারে ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে নেমে গেছে দলটি। অথচ কয়েক সপ্তাহ আগেও মেজর লিগ সকারের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল তারা।
নিয়মিত মৌসুমের আর সাতটি ম্যাচ বাকি থাকতে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে আছে মায়ামি। অন্যদিকে, প্লে-অফের লড়াইয়ে টিকে থাকা কলম্বাস ২৯ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে রয়েছে। প্লে-অফের স্থান থেকে দলটি পিছিয়ে আছে চার পয়েন্ট।
ভোরের আকাশ/সু.পা