মাহমুদউল্লাহর ম্যাচ রেফারি হওয়া নিয়ে কী জানা গেল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিছু মাস আগেই। তবে এখনো ব্যাট-প্যাড হাতে মাঠে নিয়মিত হাজির হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও কিছু বছর খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তবে এর মধ্যেই উঠে এসেছে ভিন্ন এক সম্ভাবনার কথা—ম্যাচ রেফারি হিসেবে তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা।
আজ শনিবার মিরপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী একটি ম্যাচ রেফারিদের কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন স্তরের ৩০ জন সাবেক ও বর্তমান ক্রিকেটার। আমন্ত্রণ জানানো হয়েছিল মাহমুদউল্লাহকেও। তবে তিনি এই কর্মশালায় অংশ নেননি।
বিসিবির আম্পায়ার্স বিভাগের প্রধান ইফতেখার রহমান মিঠুর সঙ্গে কথা বলেছেন মাহমুদউল্লাহ। সেখানে তিনি স্পষ্ট করেছেন যে, বর্তমানে ঘরোয়া ক্রিকেটে খেলার দিকেই মনোযোগ দিচ্ছেন, তবে ভবিষ্যতে—অর্থাৎ খেলা থেকে সম্পূর্ণ অবসর নেওয়ার পর—ম্যাচ রেফারির দায়িত্ব নিতে পারেন।
এদিকে, বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি জানিয়েছেন, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম দুজনেই ক্যারিয়ার শেষে কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে বুলবুল বলেন, “আমি বোর্ডে আসার আগেই মাহমুদউল্লাহ এবং মুশফিক আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তারা দুজনেই আন্তর্জাতিক কোচ হতে চায়। আমরা বিসিবির ট্রেনিং ও এডুকেশন প্রোগ্রামগুলোর মাধ্যমে এদের সেই পথে সহায়তা করতে চাই, ইনশাআল্লাহ।”
সব মিলিয়ে বলা যায়, খেলার মাঠে মাহমুদউল্লাহর উপস্থিতি এখনো অব্যাহত থাকলেও, ভবিষ্যতে ক্রিকেট প্রশাসন বা কোচিং পেশায় তাঁর অংশগ্রহণের দ্বারও ক্রমেই উন্মোচিত হচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা।
ভোরের আকাশ//হ.র