আজ শুরু বাংলাদেশ নারী দলের এশিয়া কাপ মিশন

নারী এশিয়া কাপে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় নিগার সুলতানা জ্যোতির দলের প্রতিপক্ষ এশিয়া কাপে অভিষিক্ত ইন্দোনেশিয়া। সেমিফাইনালের পথ সহজ করতে ম্যাচটিতে জয়ের পাশাপাশি রানরেট বাড়িয়ে নেওয়ার লক্ষ্য থাকবে বাংলাদেশের।
গত জুনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এসিসি উইমেন্স প্রিমিয়ার কাপে তৃতীয় হয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছে ইন্দোনেশিয়া। এবারের আসরেই প্রথমবার কোনো টেস্ট খেলুড়ে দেশের নারী দলের মুখোমুখি হচ্ছে তারা। একই সঙ্গে এই ম্যাচ দিয়ে এশিয়া কাপেও অভিষেক হতে যাচ্ছে ইন্দোনেশিয়ার।
তবে টি-টোয়েন্টিতে জয়সংখ্যায় বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সমান অবস্থানে রয়েছে। দুই দলই এখন পর্যন্ত ৫৭টি করে ম্যাচ জিতেছে। যদিও ইন্দোনেশিয়া এই সংস্করণে খেলেছে ৭৯ ম্যাচ, সেখানে বাংলাদেশের মেয়েরা খেলেছে ১৫১টি ম্যাচ।
বি-গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। তাই সেমিফাইনালের পথ সহজ করতে ইন্দোনেশিয়ার বিপক্ষে শুধু জয়ই নয়, বড় ব্যবধানে জিতে রানরেটও ভালো অবস্থানে রাখার লক্ষ্য থাকবে বাংলাদেশের।
ইতিহাস, ঐতিহ্য ও দলীয় শক্তিমত্তায় বাংলাদেশের মেয়েরাই স্পষ্টভাবে এগিয়ে। ২০১৮ সালে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তবে অচেনা প্রতিপক্ষ হিসেবে ইন্দোনেশিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। নিজেদের দিনে তারা চমক দেখাতেও পারে। তাই আত্মবিশ্বাসের পাশাপাশি সতর্ক হয়েই মাঠে নামতে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে।
ভোরের আকাশ/সু.পা