আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে অজিঙ্কা রাহানে আবেগঘন বার্তা

ভারতের সাবেক সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার আনুষ্ঠানিকভাবে অবসরের কথা জানান।
২০২১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলির অনুপস্থিতিতে ইনজুরিতে জর্জরিত ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় উপহার দেন রাহানে। সেই সাফল্য আন্তর্জাতিক ক্রিকেটে তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত হয়।
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া রাহানে ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর জাতীয় দলে আর সুযোগ পাননি তিনি। তবে চলতি বছরের আইপিএল পর্যন্তও জাতীয় দলে ফেরার আশা ধরে রেখেছিলেন এই ডানহাতি ব্যাটার।
অবসরের ঘোষণায় একটি আবেগঘন ভিডিও প্রকাশ করে ক্যাপশনে ‘Cap No. 278, Signing Off’ লিখেছেন রাহানে। ভিডিও বার্তায় তিনি বলেন, “জীবনের বাস্তবতা হলো, প্রতিটি শুরুরই একটি শেষ থাকে। সেই সময় যখন আসে, তখন তাকে সম্মান জানিয়ে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। ব্যাটিংয়ের সময় আমি সবসময় সঠিক টাইমিংয়ের ওপর বিশ্বাস করেছি। আজ আমার মনে হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর জন্য এটাই সঠিক সময়।”
ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে ৩৮.৪৬ গড়ে ৫ হাজার ৭৭ রান করেছেন রাহানে। তার ঝুলিতে রয়েছে ১২টি সেঞ্চুরি ও ২৬টি হাফ-সেঞ্চুরি। ওয়ানডেতে ৩৫.২৬ গড়ে ২ হাজার ৯৬২ রান করেছেন তিনি, যেখানে রয়েছে ৩টি শতক ও ২৪টি অর্ধশতক। এছাড়া ২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ ৩৭৫ রান।
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে শান্ত স্বভাব, নির্ভরযোগ্য ব্যাটিং এবং নেতৃত্বগুণের জন্য ক্রিকেটপ্রেমীদের কাছে বিশেষভাবে সমাদৃত ছিলেন অজিঙ্কা রাহানে।
ভোরের আকাশ/সু.পা