ম্যারাডোনার মৃত্যু নিয়ে মামলার রায় ২২ ডিসেম্বর

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার মামলার চূড়ান্ত রায় আগামী ২২ ডিসেম্বর ঘোষণা করা হবে। শুনানি শুরুর প্রায় ছয় মাস পর বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ তারিখ জানিয়েছেন আদালত। ২০২০ সালে ৬০ বছর বয়সে ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে আনা অভিযোগের বিচার শেষ হয়েছে।
মামলার শুনানির শেষ পর্যায়ে ম্যারাডোনার মেয়ে দালমা ম্যারাডোনা ও কয়েকজন অভিযুক্তের সংক্ষিপ্ত বক্তব্য শোনেন আদালত। এ সময় আবেগাপ্লুত কণ্ঠে দালমা বলেন, ‘আমি আশা করি, অন্য যে কারও মতো আমার বাবা ন্যায্য বিচার পাবেন।’
মামলার প্রধান অভিযুক্ত ও ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকুয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
২০২০ সালের ২৫ নভেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান দিয়েগো ম্যারাডোনা। মৃত্যুর কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অস্ত্রোপচার করা হয়েছিল তাঁর। হাসপাতাল থেকে বাড়িতে ফেরার কয়েক দিনের মধ্যেই তাঁর মৃত্যু হয়। চিকিৎসায় অবহেলার কারণেই তাঁর মৃত্যু হয়েছে কি না, তা নির্ধারণ করতেই এই মামলা করা হয়।
৭০ জনের বেশি সাক্ষীর বক্তব্যের ভিত্তিতে এপ্রিলে বিচার কার্যক্রম শুরু হয়। মামলায় সাতজন স্বাস্থ্যকর্মী অভিযুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনের চার থেকে ১২ বছর পর্যন্ত কারাদণ্ড চেয়েছেন আইনজীবীরা। প্রধান চিকিৎসক লিওপোলদো লুকুয়ের জন্য সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ডের আবেদন জানানো হয়েছে।
আগামী ২২ ডিসেম্বরের রায়ে ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের দায় ও সম্ভাব্য শাস্তির বিষয়ে আদালতের সিদ্ধান্ত জানা যাবে।
ভোরের আকাশ/সু.পা