ক্রিকেট খেলতে ভারতে আসছেন লিওনেল মেসি

বিশ্বখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসি এবার ভারতের মাটিতে দেখা যেতে পারেন ক্রিকেট খেলতে। ভারতের শীর্ষ ক্রিকেটারদের সঙ্গে ডিসেম্বরে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচে অংশ নেবেন তিনি, এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।
বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি ১৪ ডিসেম্বর ভারতের মুম্বাইয়ে আয়োজিত সেভেন-এ-সাইড ক্রিকেট ম্যাচে অংশ নেবেন বলে গুঞ্জন উঠেছে। ওই ম্যাচে তিনি কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো তারকাদের সঙ্গে একসঙ্গে মাঠে খেলতে পারবেন।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মেসি ১৩ থেকে ১৫ ডিসেম্বর ভারতের সফরে থাকবেন এবং নয়াদিল্লি ও কলকাতা সফরেরও সম্ভাবনা রয়েছে। ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ক্রিকেট ম্যাচে তার উপস্থিতি নিশ্চিত হতে পারে।
আগে ২০১১ সালে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ফুটবল ম্যাচে ভারত সফর করেছিলেন মেসি। এরপর দীর্ঘ ১৪ বছর পর ফের ভারতে আসছেন এই আর্জেন্টাইন মহাতারকা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
ভোরের আকাশ//হ.র