জাতীয় দলে ফিরছেন নেইমার!

২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে পড়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। এরপর তার আর জাতীয় দলে ফেরা হয়নি। সর্বশেষ জুনের ফিফা উইন্ডোতে ফেরার কথা থাকলেও তাকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। যার ব্যাখ্যায় তিনি তখনও পুরোপুরি ফিট নন বলে জানান। অবশেষে ২২ মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন নেইমার!
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ এক প্রতিবেদনে জানিয়েছে, কোচ কার্লো আনচেলত্তি সান্তোস স্ট্রাইকার নেইমারকে তার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। যা ফিফার কাছে পাঠাবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নেইমার বর্তমানে ক্লাবের জার্সিতে ভালো অবস্থায় আছেন। ২৫ আগস্ট ব্রাজিল জাতীয় দলের আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণায় থাকতে পারেন সান্তোস তারকা।
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দুই ম্যাচ বাকী আছে ব্রাজিলের। যেখানে ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলি এবং ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে সেলেসাওরা।
কনমেবল বাছাইয়ের পয়েন্ট টেবিলে তিনে থেকে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ২৫। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর এবং ৩৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আর্জেন্টিনা।
আসন্ন দুই ম্যাচকে সামনে রেখে ২৫ আগস্ট স্কোয়াড ঘোষণা করতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। তার অধীনে ইতোমধ্যে ব্রাজিল দুটি বাছাইয়ের ম্যাচ খেলেছে।
গত জুনে অনুষ্ঠিত সেসব ম্যাচের মধ্যে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র এবং প্যারাগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতে ভিনিসিয়ুস-রাফিনিয়ারা।
ভোরের আকাশ/এসএইচ