মুশফিকের ঐতিহাসিক শতকে টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মুশফিকুর রহিমের ঐতিহাসিক সেঞ্চুরিকে পুঁজি করে পাকিস্তানের বিপক্ষে শক্ত অবস্থানে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড নেওয়ার পর তৃতীয় দিনের শুরুটাও ভালোই করেছিল টাইগাররা। দিনের শুরুতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খুররম শাহজাদের বলে এলবিডব্লিউ হয়ে প্যাবিলিয়নে ফেরেন। রিভিউ আবেদনেও বাঁচতে পারেননি তিনি।
এরপর লিটন দাস ক্রিজে এসে সাবলীল ব্যাটিং শুরু করেন, অন্য প্রান্তে খুবই হিসেবি ব্যাটিং করতে থাকেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ২৩ রান করা মুশফিকুর রহিম দ্বিতীয় ইনিংসে দেখান অসাধারণ ধৈর্য ও নিয়ন্ত্রণ। তিনি চা বিরতির আগ পর্যন্ত ৯০ রান করেন।
আত্মবিশ্বাস নিয়ে বিরতির পর দায়িত্বশীয় ব্যাটিংয়ে শতক পূর্ণ করেন মুশফিক। মোহাম্মদ আব্বাসের বলে চার মেরে তুলে নেন দৃষ্টিনন্দন সেঞ্চুরি। তার ইনিংসে ছিল আটটি চার ও একটি ছক্কার মার। রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ১০৩ রানে অপরাজিত ছিলেন, সঙ্গে ছিলেন তাইজুল ইসলাম (৯)।
মুশফিক এই শতকের মধ্য দিয়ে গড়েছেন ইতিহাস। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
অন্যদিকে, প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন দাস দ্বিতীয় ইনিংসে খেলেন ৬৯ রানের কার্যকর ইনিংস। মেহেদী হাসান মিরাজ ১৯ রান করে আউট হওয়ার পর তাইজুলকে নিয়ে দলের রান এগিয়ে নিতে থাকেন মুশফিক। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩২৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টাইগারদের লিড দাঁড়িয়েছে ৩৭১ রান।
ভোরের আকাশ/সু.পা