ট্রফি ও গোল্ডেন বুট, মেসির সামনে দ্বৈত চ্যালেঞ্জ

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শুধু দেশের হয়ে শিরোপা জয়ের লক্ষ্য নয়, ব্যক্তিগত ক্যারিয়ারের আরেকটি অনন্য মাইলফলকের সামনেও দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। একদিকে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার সুযোগ, অন্যদিকে কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে প্রথমবারের মতো গোল্ডেন বুট জয়ের হাতছানি। তাই স্পেনের বিপক্ষে ফাইনালটি মেসির জন্য শুধু একটি ম্যাচ নয়, ইতিহাস গড়ারও লড়াই।
ফ্রান্সের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের ৬-৪ গোলের জয়ে জোড়া গোল করে কিলিয়ান এমবাপ্পে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা বাড়িয়ে নিয়েছেন ১০-এ। অন্যদিকে ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে মেসির গোলসংখ্যা ৮।
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে অন্তত দুই গোল করতে হবে। তবে শুধু গোলসংখ্যাই নয়, ফিফার নিয়ম অনুযায়ী অ্যাসিস্ট এবং মাঠে কাটানো সময়ও পুরস্কার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমানে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে থাকা এমবাপ্পে ৭৬৪ মিনিট মাঠে থেকে করেছেন ১০ গোল ও ৪ অ্যাসিস্ট। অন্যদিকে মেসি ৭১২ মিনিটে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে।
ফাইনালে মেসি যদি একটি গোল করেন, তাহলে তার মোট গোল হবে ৯টি। সে ক্ষেত্রে এমবাপ্পেকে ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে না। তবে হ্যাটট্রিক করতে পারলে মেসির গোলসংখ্যা দাঁড়াবে ১১-এ এবং সেক্ষেত্রে গোল্ডেন বুট জয়ের জন্য আর কোনো সমীকরণের প্রয়োজন হবে না।
সবচেয়ে আকর্ষণীয় সমীকরণ তৈরি হতে পারে মেসি দুই গোল করলে। তিনি যদি দুটি গোলের পাশাপাশি অন্তত একটি অ্যাসিস্ট করতে পারেন, তাহলে মেসি ও এমবাপ্পের গোলসংখ্যা সমান হবে ১০। তবে অ্যাসিস্টে এগিয়ে থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির অ্যাসিস্ট হবে ৫টি, যেখানে এমবাপ্পের রয়েছে ৪টি। ফলে টাইব্রেকারে এগিয়ে থাকবেন মেসি।
অবশ্য মেসি যদি শুধু দুটি গোল করেন এবং কোনো অ্যাসিস্ট না পান, তাহলে গোল ও অ্যাসিস্ট—দুই বিভাগেই সমতা থাকবে (১০ গোল, ৪ অ্যাসিস্ট)। তখন সিদ্ধান্ত হবে মাঠে খেলার সময়ের ভিত্তিতে। বর্তমানে মেসি এমবাপ্পের চেয়ে ৫২ মিনিট কম খেলেছেন। তাই সমতা তৈরি হলে সময়ের দিক থেকে এগিয়ে থাকতে হলে মেসিকে দ্রুত দুই গোল করে নির্দিষ্ট সময়ের মধ্যে মাঠ ছাড়তে হবে।
ফাইনালে তাই শিরোপার পাশাপাশি মেসির সামনে রয়েছে ব্যক্তিগত অর্জনের বড় সুযোগ। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ধরে রাখার স্বপ্নের সঙ্গে যোগ হয়েছে ক্যারিয়ারের প্রথম গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা। এখন অপেক্ষা, স্পেনের বিপক্ষে শেষ ম্যাচে মেসির পা থেকে আরেকটি ইতিহাস লেখা হয় কি না।
ভোরের আকাশ/সু.পা