বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল অস্ট্রেলিয়া

আগামী জুন মাসে বাংলাদেশ সফরে আসছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সফরে তারা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। বৃহস্পতিবার (৭ মে) দীর্ঘ প্রতীক্ষার পর সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
সূচি অনুযায়ী, সিরিজের শুরুতে হবে তিন ম্যাচের ওয়ানডে লড়াই। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে ম্যাচগুলো হবে ৯, ১১ ও ১৪ জুন।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল চট্টগ্রামে যাবে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
বাংলাদেশ সফরের আগে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে। সেই সিরিজ শেষ করেই সরাসরি বাংলাদেশে আসবে তারা।
অন্যদিকে শক্তিশালী প্রতিপক্ষকে সামনে রেখে বাংলাদেশ দলও ঘরের মাঠে ভালো পারফরম্যান্সের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে।
এই সিরিজ দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে, আর বাংলাদেশ চাইবে নিজেদের মাঠে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ভালো ফল করে সমর্থকদের আনন্দ দিতে।
ভোরের আকাশ/সু.পা