ব্যাটে ব্যর্থতার দিনে বল হাতে জ্বলে উঠলেন বৈভব সূর্যবংশী

ব্যাট হাতে ১৫ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী কী করতে পারেন, তা এখন আর কারও অজানা নয়। এবার ঘরোয়া প্রতিযোগিতা দুলীপ ট্রফিতেও বল হাতে চমক দেখালেন তিনি। ব্যাট হাতে ব্যর্থতার দিনে ইস্ট জোনের হয়ে বোলিংয়ে এসে এক ওভারেই তুলে নিয়েছেন দুটি উইকেট।
বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সের মাঠে দুলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে নর্থ ইস্ট জোনের মুখোমুখি হয়েছিল ইস্ট জোন। ম্যাচের তৃতীয় দিনে বাঁহাতি স্পিনে নজর কাড়েন বৈভব। নিজের দ্বিতীয় ওভার করতে এসে দ্বিতীয় বলেই প্রথম উইকেটটি তুলে নেন তিনি। বৈভবকে উড়িয়ে মারার চেষ্টা করতে গিয়ে কিশান লিংদোহ কাভার অঞ্চলে ক্যাচ দেন।
একই ওভারে বৈভবের আরেকটি বলে আউট হন ইমলিয়াতি লেমতুর। ক্রিজে নেমে প্রথম বলেই বৈভবকে চার হাঁকান তিনি। তবে পরের বলেই ব্যাটের কানায় লেগে ক্যাচ তুলে দেন উইকেটরক্ষক ইশান কিষানের হাতে। তরুণ এই ক্রিকেটারের এক ওভারে দুটি উইকেট নেওয়ার ভিডিও নিজেদের এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে।
যদিও ইস্ট জোনের প্রথম ইনিংসে ব্যাট হাতে অবদান রাখতে পারেননি বৈভব। ৬ বলে মাত্র ৮ রান করে আউট হন তিনি। তবে তাঁর দল প্রথম ইনিংসে ৪৬৭ রানের বিশাল সংগ্রহ গড়ে। প্রথম দিনেই বাংলার ব্যাটার সুদীপ কুমার ঘরামি ও শাহবাজ আহমেদ সেঞ্চুরি করে দলকে বড় সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ইস্ট জোনের ৪৬৭ রানের জবাবে নর্থ ইস্ট জোন প্রথম ইনিংসে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায়। ফলে ৩৫৬ রানের বিশাল লিড পায় ইস্ট জোন। ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়তে পারেনি নর্থ ইস্ট জোন। তৃতীয় দিনেই ১৪৬ রানে গুটিয়ে যায় তারা। ফলে ইনিংস ও ২১০ রানের বড় ব্যবধানে জয় পায় বৈভব ও ইশান কিষানের ইস্ট জোন।
ভোরের আকাশ/সু.পা