মেসির অবসরে নতুন অধিনায়ক পেতে যাচ্ছে আর্জেন্টিনা!

লিওনেল মেসিকে ঘিরেই গত দুই দশক আবর্তিত হয়েছে আর্জেন্টিনা ফুটবল। সোমবার তাঁর অবসরের ঘোষণায় স্বাভাবিকভাবেই বড় এক শূন্যতা তৈরি হয়েছে আলবিসেলেস্তেদের শিবিরে। তবে মেসির বিদায়ে থেমে থাকবে না আর্জেন্টিনার ফুটবল। বরং মেসি-পরবর্তী যুগে কার নেতৃত্বে দলটি এগিয়ে যাবে, সেটিই এখন বড় প্রশ্ন।
প্রথম অধিনায়ক হিসেবে সামনে এসেছে ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর নাম। এতদিন মেসি ও নিকোলাস ওতামেন্দির পর তৃতীয় পছন্দের অধিনায়ক ছিলেন তিনি। এবার সতীর্থ ও কোচিং স্টাফের সমর্থনে আর্জেন্টিনার নেতৃত্বের দায়িত্ব তাঁর কাঁধে উঠতে যাচ্ছে বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা দলের ড্রেসিংরুমে গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর টটেনহ্যাম হটস্পারের এই ডিফেন্ডার। মাঠে তাঁর আগ্রাসী মানসিকতা, সতীর্থদের সংগঠিত করার ক্ষমতা ও নেতৃত্ব দেওয়ার স্বভাব তাঁকে মেসির উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে রেখেছে।
মেসিহীন দলের রক্ষণ সামলানোর পাশাপাশি সতীর্থদের মানসিক দৃঢ়তা ধরে রাখাও রোমেরোর অন্যতম বড় দায়িত্ব হবে। মেসি নিজেও রোমেরোর নেতৃত্বের গুণের প্রশংসা করেছেন। আর্জেন্টিনার রক্ষণকে আরও শক্তিশালী করে তুলতে রোমেরোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্বীকার করেছিলেন তিনি। ফলে পরবর্তী অধিনায়ক হিসেবে রোমেরোর নাম সামনে আসাটা অনেকটাই প্রত্যাশিত।
তবে রোমেরোর সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। লিওনেল স্কালোনির কোচিংয়ে গত কয়েক বছরে একের পর এক সাফল্য পেয়েছে আর্জেন্টিনা। ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ ও ২০২৪ সালের কোপা আমেরিকা—তিনটি বড় শিরোপাই জিতেছে আলবিসেলেস্তেরা। এসব সাফল্যের কেন্দ্রবিন্দু ছিলেন মেসি।
এবার মেসির অনুপস্থিতিতে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার দায়িত্ব বর্তাবে নতুন নেতৃত্বের ওপর। মেসির অবসরের মধ্য দিয়ে শুধু অধিনায়কত্বেই পরিবর্তন আসছে না, আর্জেন্টিনা দলও প্রবেশ করতে যাচ্ছে একটি প্রজন্ম পরিবর্তনের পর্যায়ে।
দীর্ঘ ২১ বছর জাতীয় দলের হয়ে খেলার পর মেসি সরে দাঁড়ানোয় এবার তরুণ ফুটবলারদেরও বড় ভূমিকা রাখতে হবে। এমন সময়ে রোমেরোর অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা স্কালোনির দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মাঠে লড়াকু মানসিকতা ও ড্রেসিংরুমে নিজের প্রভাব কাজে লাগিয়ে রোমেরো মেসির রেখে যাওয়া উত্তরাধিকার কতটা এগিয়ে নিতে পারেন, সেটিই এখন দেখার অপেক্ষা।
ভোরের আকাশ/সু.পা