‘মিস ওয়ার্ল্ড’ মঞ্চে মেসির ফুটবলজীবন তুলে ধরলেন অ্যালিনা

ভিয়েতনামে আয়োজিত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ফাইনালে আর্জেন্টিনার প্রতিযোগী অ্যালিনা লুজ আক্সেলরাড যেন সঙ্গে করে নিয়ে এলেন লিওনেল মেসির পুরো ফুটবলজীবন। রংবেরঙের নানা নকশার পোশাকের ভিড়ে তাঁর নীল-সাদা পোশাকটি আলাদা করে নজর কাড়ে। কারণ, পোশাকজুড়ে ছিল মেসির ক্যারিয়ারের সাফল্য, আনন্দ, হতাশা ও স্মরণীয় নানা মুহূর্ত।
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে বিভিন্ন দেশের প্রতিযোগীরা হাজির হয়েছিলেন নিজ নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা নানা নকশার পোশাকে। তাদের মধ্যে অ্যালিনার পোশাকের ওপরের অংশে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নীল-সাদা জার্সির আদল। আর নিচের অংশজুড়ে ফুটে উঠেছিল মেসির বর্ণাঢ্য ফুটবলজীবনের নানা মুহূর্ত।
কোথাও বিশ্বকাপ হাতে উচ্ছ্বসিত মেসি, কোথাও আবার বিশ্বকাপ ফাইনালের পর হতাশ মুখ। শুধু আর্জেন্টিনা নয়, ক্লাব ফুটবলেও মেসির দীর্ঘ পথচলার স্মৃতি জায়গা পেয়েছে সেই পোশাকে। নিউওয়েলস বয়েজ থেকে বার্সেলোনা, পিএসজি থেকে ইন্টার মায়ামি—বিভিন্ন ক্লাবের জার্সিতে মেসির স্মরণীয় মুহূর্তগুলোও তুলে ধরা হয়েছে সেখানে। দেশের হয়ে সাফল্যের ছবির পাশাপাশি ছিল হতাশার মুহূর্তও।
অ্যালিনার এই বিশেষ পোশাকের পরিকল্পনা করেছেন অরেলিয়ো মার্তিনেজ। মেসির দীর্ঘ ফুটবলজীবনের বিভিন্ন অধ্যায়কে এক পোশাকে তুলে ধরেছেন তিনি। ফলে পোশাকটি শুধু সৌন্দর্য প্রতিযোগিতার একটি অংশ হয়ে থাকেনি, বরং আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়কে সম্মান জানানোর এক অভিনব মাধ্যম হয়ে উঠেছে।
মেসিকে ঘিরে আবেগের এমন প্রকাশের সময়টিও বিশেষ। গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক। গত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পরই দেশের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ‘এলএম টেন’।
এরপর ব্যক্তিগত জীবনেও বড় ধাক্কার মুখে পড়েন মেসি। বাবা জর্জে মেসির মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই ব্যক্তিগত শোক ও নানা ধাক্কা সামলে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি।
আর এমন এক সময়ে সৌন্দর্যের আন্তর্জাতিক মঞ্চে তাঁর ফুটবলজীবনের স্মরণীয় মুহূর্তগুলো পোশাকে তুলে ধরে সম্মান জানালেন আর্জেন্টিনার অ্যালিনা লুজ আক্সেলরাড। ফুটবলের মাঠে নয়, এবার অন্য এক মঞ্চে আর্জেন্টিনার নীল-সাদা রঙে ফুটে উঠল মেসির গল্প।
ভোরের আকাশ/সু.পা